টিআরপি লড়াইয়ে টিকে থাকাটাই যে আসল চ্যালেঞ্জ—তা আবারও প্রমাণ করল রোশনাই। এই সপ্তাহেও সপ্তম স্থানে থাকলেও টপ ৫-এ জায়গা করতে না পারায় নামল ধারাবাহিকের পর্দা।

শেষ আপডেট: 2 July 2025 13:35
দ্য ওয়াল ব্যুরো: শেষ হচ্ছে স্টার জলসার ধারাবাহিক 'রোশনাই'। জনপ্রিয়তা কম থাকায় টিআরপিতে সে ভাবে এগোতে পারছিল না লীনা গঙ্গোপাধ্যায়ের এই সিরিয়াল। বহুদিন ধরেই যে এই ধারাবাহিক বন্ধ হতে চলেছে সেই গুঞ্জনও শোনা যাচ্ছিল। এবার সেই গুঞ্জন সত্যি হল। শেষ হল 'রোশনাই' ধারাবাহিক। সোমবার হয়ে গিয়েছে ধারাবাহিকের শেষ পর্বের শুটিং।
প্রথমে এই ধারাবাহিকে নামভূমিকায় দেখা যেত অনুস্কা গোস্বামীকে। তারপরে বদল ঘটে এই চরিত্রে অভিনয় করেন তিয়াসা লেপচা। সেই নিয়েও দর্শক মহলে মিশ্র প্রতিক্রিয়া মিলেছিল। অন্যদিকে আরণ্যকের চরিত্রে দর্শক দেখেছেন সুপ্রিয়া দেবীর নাতি শন বন্দ্যোপাধ্যায়কে। সিরিয়ালের শেষ পর্বের শুটিং হয়ে গেল সামাজিক মাধ্যমে জানিয়েছেন ধারাবাহিকের 'সুরঙ্গমা' অর্থাৎ অভিনেত্রী উষশী চক্রবর্তী।

নায়িকা বদলই কী সিরিয়ালের জনপ্রিয়তা কমার কারণ? ২০২৪-এ এপ্রিল মাসে শুরু হয়েছিল 'রোশনাই' ধারাবাহিক। এক বছরও পার করল না, তার আগেই পর্দা নামছে অরণ্যক ও রোশনাইয়ের গল্পে। শন অনুষ্কা জুটির ভাঙন তো এখনও অনেকে মেনে নিতে পারেননি। পরে তিয়াসা এলেও, তিয়াসা-শনের রসায়ন জমেছিল ধীরে ধীরে। কিন্তু তাতে কাজ হল না। একাধিক বড় মুখ অভিনেতা কাজ করছিলেন এই মেগাতে। ছিলেন মাধবী মুখোপাধ্যায়ের মতো লেজেন্ডও। যদিও মাধবীর অতি মেকআপ নিয়ে চর্চা ছিল দর্শকদের মধ্যে।
সিরিয়ালে গল্প ভাল হলেও এখন সিরিয়াল চলার মূল ব্যাপার টিআরপি। খারাপ মানের সিরিয়াল টিআরপি ভাল থাকলেও চলতে পারে। যদিও লীনা গঙ্গোপাধ্যায়ের কলমে এই সিরিয়ালে একঘেঁয়ে গল্প চলছিল।
টিআরপি লড়াইয়ে টিকে থাকাটাই যে আসল চ্যালেঞ্জ—তা আবারও প্রমাণ করল রোশনাই। এই সপ্তাহেও সপ্তম স্থানে থাকলেও টপ ৫-এ জায়গা করতে না পারায় নামল ধারাবাহিকের পর্দা।

দর্শকরা কী মিস করেন এখন আর সিরিয়াল শেষ হলে? বেশিরভাগ দর্শকের উত্তর 'না'। রুচিশীল সিরিয়াল হচ্ছে না বলেই একে একে বন্ধ হচ্ছে সিরিয়ালের সেট।
লীনা গঙ্গোপাধ্যায়ের 'চিরসখা' সিরিয়াল এখন সর্বাধিক চর্চায় থাকলেও, 'রোশনাই'-এর দেউটি নিভল।