
শেষ আপডেট: 3 September 2021 13:03
বর্তমানে 'গঙ্গারাম' ধারাবাহিকে তাঁকে শ্যামি চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। 'বউ কথা কও' ধারাবাহিকে সাগর সেনের মেয়ে মিলির ভূমিকায় দেখা গেছিল ছোট্ট ঋত্বিকাকে। আজ টলিউডের জনপ্রিয় মুখ ঋত্বিকা।
অন্যদিকে আবার সম্রাট মুখোপাধ্যায় প্রায় দু'দশক ধরে অভিনয় করছেন। পরিচালক অঞ্জন চৌধুরীর 'চন্দ্রমল্লিকা' ছবির হাত ধরেই টলিউডে প্রথম পা রাখেন সম্রাট মুখোপাধ্যায়। প্রথমে তিনি ১৩টি ছবিতে নায়ক হিসাবে চুক্তিবদ্ধ হন। কিন্তু দুর্ভাগ্যবশত তাঁর প্রথম দিকের কয়েকটি ছবি ব্যবসায়িক সাফল্য না পাওয়ায় পরপর তিনি ছবি থেকে বাদ পড়ে যান। শেষমেশ সেই ছবিগুলো আর তৈরিই হয় নি। এর পর বেশ কিছুদিন লাইমলাইটের বাইরে চলে গিয়েছিলেন সম্রাট। কয়েক বছর পর প্রয়াত পরিচালক রবি ওঝার 'মোহনা' ধারাবাহিকের হাত ধরে ছোটোপর্দায় এন্ট্রি হয় তাঁর। এই ধারাবাহিকে 'নেগেটিভ চরিত্র' মেঘনাদ বসুর ভূমিকায় অভিনয় করে রাতারাতি তিনি লাইমলাইটে ফিরে আসেন। এরপর তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ঠিক এরপরই আবারও পরিচালক রবি ওঝার ব্লকবাস্টার হিট ছিল 'বউ কথা কও' ধারাবাহিক ।
বারো বছর পর সম্প্রতি সম্রাট ঋত্বিকা আবারও স্ক্রিন শেয়ার করলেন। জুটি হিসেবে তাঁদেরকে স্বামী-স্ত্রীর ভূমিকায় একটি মিউজিক ভিডিওতে অভিনয় করতে দেখা যাবে।
গানের কথা 'ইয়ারা ওয়ে'। গানের ক্যাচলাইন অবশ্যই হিন্দি। দ্য ওয়ালকে মজা করে সম্রাট নিজেই জানালেন, 'বারো বছর আগে যখন বউ কথা কও ধারাবাহিকে ঋত্বিকা আমার সঙ্গে অভিনয় করেছিল তখন ওর বয়স ছিল মাত্র আট। তখনই ওকে আমি কথা দিয়ে বলেছিলাম একদিন তোমার আমি নায়ক হব। সেটাই আজ পূরণ হল। সত্যি ব্যাপারটা বেশ মজার।'
গত সপ্তাহে দার্জিলিঙে এই মিউজিক ভিডিওর দু'দিনব্যাপী শ্যুটিং হল। গানটি গেয়েছেন জুবিন গর্গ। গানের কথা ও সংগীত পরিচালনার দায়িত্বে আছেন লিংকন রায়চৌধুরী।
সুরাজ কুমার ফিল্মস প্রযোজিত এই মিউজিক ভিডিওর পরিচালক হলেন বিষ্ণু শর্মা। প্রযোজক সুরাজ কুমার জানালেন, 'এর আগে আমি বাংলা ছাড়াও বলিউডে বেশ কয়েকটি মিউজিক ভিডিও করেছি। এই ভিডিওতে আমাকেও দেখতে পাবেন। মূলত এটি রোমান্টিক মিউজিক ভিডিও। এই ভিডিওর বাজেটও বেশি। প্রত্যেক শিল্পীকেই নামী দামি ব্র্যান্ডের পোশাক পরানো হয়েছে।' পুজোর সময় ইউটিউব ছাড়াও নামী মিউজিক চ্যানেলে মুক্তি পাবে এই মিউজিক ভিডিও। ভিডিওর মুক্তির অপেক্ষার এখন প্রহর গুনতে শুরু করেছেন সম্রাট আর ঋত্বিকার অনুরাগীরা।