
শেষ আপডেট: 12 July 2023 14:18
দ্য ওয়াল ব্যুরো: 'রকি অউর রানি কি প্রেম কাহানি' মুক্তির দিন যত এগিয়ে আসছে, পরিচালক করণ জোহর যেন একে একে বের করছেন আস্তিন থেকে একেকটি তাস। এবার মুক্তি পেল রকি অউর রানি কি প্রেম কাহানি-র দ্বিতীয় গান (rocky or rani ki prem kahaani 2nd song released)। 'রকি অউর রানি'র প্রথম গান তুম কেয়া মিলে মুক্তির সময়ে পরিচালক করণ শ্রদ্ধা জানিয়েছিলেন যশ চোপড়াকে। এবার দ্বিতীয় গানে আশা ভোঁসলের গাওয়া বিখ্যাত গান 'ঝুমকা গিরা রে'-র আভাস পাওয়া গেল।
আগেই ঘোষণা করা হয়েছিল যে ১২ জুলাই আসতে চলেছে রকি অউর রানি কি প্রেম কাহানি-র দ্বিতীয় গান (rocky or rani ki prem kahaani 2nd song released)। সেই পরিকল্পনা মতোই বুধবার ইউটিউবে মুক্তি পেল 'হোয়াট ঝুমকা।' একেবারে চিরাচরিত বলিউড ধাঁচে রণবীর ও আলিয়া কোমর দুলিয়েছেন এই গানে।
প্রসঙ্গত, 'রকি অউর রানি কি প্রেম কাহানি'তে আলিয়া বাঙালি পরিবারের মেয়ের ভূমিকায় অভিনয় করায় এই ছবির ট্রেলারে বেশিরভাগ দৃশ্যে আলিয়াকে শাড়িতেই দেখা গিয়েছে। একই ভাবে এই গানেও রংচঙে শাড়ি, ঝুমকো এবং কালো টিপে দেখা গেছে আলিয়াকে। অন্যদিকে রণবীর সিংয়ের লুকের সঙ্গে অনেকে মিল পেয়েছেন দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটিতে অভিনীত 'রামলীলা' ছবির 'রামজী কি চাল দেখো' গানের দৃশ্যের।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইউটিউবে এই গানের ভিউ ছাড়িয়েছে প্রায় ৩০ লাখ। অরিজিৎ সিং এবং জোনিতা গান্ধী গেয়েছেন 'হোয়াট ঝুমকা' গানটি। প্রসঙ্গত, প্রথম গান 'তুম কেয়া মিলে' গানেও শোনা গিয়েছিল অরিজিৎ সিংয়ের কন্ঠ। সেই গানে ছিলেন শ্রেয়া ঘোষালও। যদিও সোশ্যাল মিডিয়ায় এই গানের মুক্তির টিজারে বাদ যায় বাঙালি গায়িকার নাম। সেই বিতর্ক এড়াতেই সম্ভবত, দ্বিতীয় গানের মুক্তির সময়ে টিজারে উল্লেখ করা হয়নি অরিজিৎ সিং বা জোনিতা গান্ধীর নাম, অনুমান দর্শকদের।
বাজারে আগুন দর, সুনীল শেট্টি বললেন ‘টম্যাটো খাওয়া কমিয়ে দিয়েছি’