
শেষ আপডেট: 23 July 2023 10:29
দ্য ওয়াল ব্যুরো: আসছে শুক্রবার ছবি মুক্তি। তার আগেই সেন্সর বোর্ড থেকে 'ইউএ' সার্টিফিকেট পেল করণ জোহর পরিচালিত 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky Aur Rani Kii Prem Kahaani)। তবে ছবি থেকে বেশ কিছু দৃশ্য, সংলাপ বাদ দেওয়া হয়েছে। সূত্রের খবর, কিছু গালিগালাজ, একটি বিদেশি মদের ব্র্যান্ডের নাম এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উল্লেখ করা এক সংলাপ কেটে ফেলা হয়েছে ছবি থেকে।
সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন অথবা সিবিএফসি (CBFC) সূত্রে খবর, ছবিতে একাধিকবার ব্যবহার করা একটি কটুশব্দ পাল্টানো হয়েছে। অন্যদিকে পানীয় রাম (Rum)-এর বিখ্যাত ব্র্যান্ড 'ওল্ড মঙ্ক' বদলে 'বোল্ড মঙ্ক' করা হয়েছে। এছাড়াও বাদ গিয়েছে লোকসভার একটি রেফারেন্স এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা এক বিখ্যাত সংলাপ। এছাড়াও অন্তর্বাসের দোকানের একটি সংলাপ বদলানোর নির্দেশ দিয়েছে সিবিএফসি। বলা হয়েছে, সেই সংলাপটি মহিলাদের অবমাননা করেছে।

উল্লেখ্য, আগামী ২৮ জুলাই মুক্তি পাচ্ছে করণ জোহরের 'রকি অউর রানি কি প্রেম কাহানি'। বলিউডে পঁচিশ বছর পূর্তি উপলক্ষে দর্শকদের জন্য উপহার হিসাবে এই ছবিটি নিয়ে এসেছেন করণ। সিনেমাটি সম্পর্কে বলতে গিয়ে রণবীর সম্প্রতি বলেছিলেন, এই চলচ্চিত্র 'কভি খুশি কভি গম'-এর নস্ট্যালজিয়া ফিরিয়ে আনবে। আমরা সবাই সেই চেষ্টাই করেছি। রণবীর-আলিয়া ছাড়াও এখানে দেখা যাবে, জয়া বচ্চন, ধর্মেন্দ্র, শাবানা আজমির মত বলি তারকাদের। এছাড়াও টলিউড থেকে রয়েছেন টোটা রায়চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায়ের মতো অভিনেতা-অভিনেত্রীরা।
ছবির প্রচারে বরেলিতে আলিয়া-রণবীর! বড় ঝুমকার সামনে ছবি তুললেন 'রকি-রানি'