আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গ্লোওম্যান সিআইসি (GlowWoman CIC)-এর উদ্যোগে ব্রিটিশ পার্লামেন্টের জুবিলি রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সাংসদ ড্যানি বেলসের (Danny Beales)-এর আমন্ত্রণে উপস্থিত ছিলেন ঋতুপর্ণা।
.jpeg.webp)
শেষ আপডেট: 15 March 2026 15:21
দ্য ওয়াল ব্যুরো: টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)-র মুকুটে আরও এক পালক। আবারও আন্তর্জাতিক মঞ্চে সম্মানিত হলেন অভিনেত্রী। এবার যুক্তরাজ্যের সংসদের নিম্নকক্ষ (House of Commons)-এ আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তাঁকে প্রদান করা হল গ্লোওম্যান ইনস্পিরেশনাল অ্যাওয়ার্ড ২০২৬ (GlowWoman Inspirational Award 2026)। ভারতীয় চলচ্চিত্রে দীর্ঘদিনের অবদানের জন্য তাঁকে 'টাইমলেস ডিভা'(‘Timeless Diva’) সম্মান দেওয়া হয়।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গ্লোওম্যান সিআইসি (GlowWoman CIC)-এর উদ্যোগে ব্রিটিশ পার্লামেন্টের জুবিলি রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সাংসদ ড্যানি বেলসের (Danny Beales)-এর আমন্ত্রণে উপস্থিত ছিলেন ঋতুপর্ণা। অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কার তুলে দেন সীমা মালহোত্রা (Seema Malhotra) এবং লেবার পার্টির প্রাক্তন সাংসদ বীরেন্দ্র শর্মা (Virendra Sharma)।
সম্মান গ্রহণের পর অভিনেত্রী জানান, এই স্বীকৃতি তাঁর কাছে অত্যন্ত গর্বের। যুক্তরাজ্যের সংসদের মতো মর্যাদাপূর্ণ স্থানে সম্মান পাওয়া তাঁর জীবনের এক বিশেষ মুহূর্ত। তিনি আয়োজক সংস্থা এবং অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ জানান। পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁর বাবা-মা, পরিবার, স্বামী সঞ্জয় চক্রবর্তী এবং দর্শকদের প্রতি। এই অনুষ্ঠানে তাঁর স্বামীও উপস্থিত ছিলেন।
তিন দশকেরও বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের উপহার দিয়েছেন বহু জনপ্রিয় ছবি। ১৯৯০ সালে অভিনয়জীবন শুরু করার পর থেকে ধারাবাহিকভাবে তিনি নিজের অভিনয় দক্ষতায় আলাদা জায়গা তৈরি করেছেন ইন্ডাস্ট্রিতে।
সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে লক্ষ্মীকান্ত পুর লোকাল (Laxmikantapur Local) ছবিতে। রামকমল মুখোপাধ্যায় (Ramkamal Mukherjee) পরিচালিত এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। দীর্ঘ অভিনয়জীবনে দেশ-বিদেশে একাধিক সম্মান অর্জন করা এই অভিনেত্রীর ঝুলিতে নতুন করে যোগ হল আরও একটি আন্তর্জাতিক স্বীকৃতি।