
শেষ আপডেট: 11 August 2022 09:40
দ্য ওয়াল ব্যুরো: বহু বছর পর আবার বাংলা সিনেমার হাত ধরে একসঙ্গে বড়পর্দায় ফিরতে চলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) এবং ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Bandyopadhyay)। পরিচালক তথাগত ভট্টাচার্যের নতুন ছবি ‘আকরিক’-এ (Akorik) দুই তারকাকে দেখা যাবে। কীভাবে যৌথ পরিবার ভেঙে একের পর এক নিউক্লিয়ার ফ্যামিলি তৈরি হচ্ছে, সেই গল্পই দেখা যাবে 'আকরিক'-এ।
জানা গেছে, এই ছবির কাহিনি একটি ছোট্ট শৈল শহরের। যেখানে রয়েছে এক বৃদ্ধ দম্পতি, যাঁদের একমাত্র পুত্র বিদেশে কর্মরত আর অন্যদিকে একা ছেলেকে নিয়ে থাকেন এক মা। এই মায়ের চরিত্রেই দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। ছবিতে তিনি এক কর্মরতা সিঙ্গেল মাদার। আর বৃদ্ধ দম্পতির ভূমিকায় রয়েছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় এবং অনুরাধা রায়।
এই প্রসঙ্গে অভিনেতা ঋতুপর্ণা সেনগুপ্ত জানান, 'হালফিলে অভিনয় করা চরিত্রগুলির মধ্যে আকরিক একেবারেই আলাদা। মা ও ছেলের সম্পর্কের রসায়নের সঙ্গে হয়ত দর্শকরা নিজেদের একাত্ম করতে পারবে।'
হল পাচ্ছে না ‘ভটভটি’, সোশ্যাল মিডিয়ায় কার উদ্দেশে তোপ দাগলেন তথাগত!
অন্যদিকে অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় 'আকরিক'কে কোনও অসাধারণ ছবির তকমা দিতে নারাজ। তাঁর মতে, 'অবিশ্বাস, অবহেলা যেগুলো নিয়ে আমরা প্রতিদিন ধাক্কা খাই, সেইসব সাধারণ বিষয়গুলিই খুব প্রাসঙ্গিকভাবে ছবির পর্দায় উঠে আসবে এই ছবির মাধ্যমে।'
জানা গেছে, অতিমারির কারণে এতদিন ধরে মুক্তি পায়নি 'আকরিক'। অবশেষে অগস্টের শেষ সপ্তাহে বড় পর্দায় রিলিজ করছে ছবিটি। আর সম্পর্কের টানাপড়েনের এই গল্পকে ঘিরে ছবি মুক্তির আগে যথেষ্ট আশাবাদী অভিনেতা থেকে পরিচালক সকলেই। এখন এটাই দেখার, ঋতুপর্ণা-ভিক্টর ম্যাজিকে 'আকরিক' বক্স অফিসে বাজিমাত করতে পারে কিনা!