
শেষ আপডেট: 11 September 2023 07:54
দ্য ওয়াল ব্যুরো: বলিউডে অভিনেতাদের নিয়ে গুজবের অন্ত নেই। বিশেষত, তারকাদের বিয়ে বা সন্তানসম্ভবা হওয়ার খবর রীতিমতো উপভোগ করেন অনুরাগীরা। অনেক সময়ে অতি উৎসাহিত হয়ে ছবি দেখেই নিজেদের মতো কল্পনা করে নেন দর্শক-অনুরাগীরা। তার থেকেই গুজব ছড়িয়ে পড়ে। ঠিক যেমন ঘটল জেনেলিয়া এবং রীতেশ দেশমুখের (Ritesh Deshmukh) সঙ্গে।
শনিবার একটি ইভেন্টে উপস্থিত হয়েছিলেন জেনেলিয়া এবং রীতেশ। একটি বেগুনি রঙের পোশাক পরেছিলেন জেনেলিয়া। সেই ছবি নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই এক অনুরাগী লেখেন, 'জেনেলিয়া কী সন্তানসম্ভবা? (pregnancy news) তাঁর পোশাক দেখে মনে হচ্ছে তিনি বেবি বাম্প লুকোনোর চেষ্টা করছেন।' মুহূর্তের মধ্যেই সেই কথা একরকম দাবানলের মতো ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। নেটিজেনদের অনেকেই এই কথা সমর্থন করেন।
অবশেষে স্ত্রীর সন্তানসম্ভবা হওয়ার খবর নিয়ে মুখ খুললেন রীতেশ। জানিয়ে দিলেন এই খবর সম্পূর্ণ ভাবেই গুজব। আদৌ এই রটনার কোনও ভিত্তি নেই। সোমবার সকালে একটি ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ইভেন্টের ছবি পোস্ট করেন রীতেশ। সেখানে তিনি মজার ছলে লেখেন, 'যদিও আরও দু-তিনজন সন্তানে আমার কোনও আপত্তি নেই, তবে দুর্ভাগ্যজনক ভাবে আপাতত জেনেলিয়ার সন্তান হওয়ার খবর সম্পূর্ণ অসত্য।'

প্রসঙ্গত, বলিউডের এই তারকা দম্পতি অনুরাগীদের অত্যন্ত পছন্দের। তাঁদের ভালবাসার গল্প নতুন করে প্রেমে পড়তে উৎসাহ জাগায় ফ্যানদের। দু'জনের মজাদার বিবাহিত জীবনের ছোটখাটো খুনসুটির রিলসও মুহূর্তে ভাইরাল হয় নেটপাড়ায়। ২০১২ সালে সাত পাকে বাঁধা পড়েন জেনেলিয়া এবং রীতেশ। ২০১৪ সালে তাঁদের প্রথম পুত্রসন্তান রিয়ানের জন্ম হয়। এরপর ২০১৬ সালে দ্বিতীয় পুত্র রাহিল আসে রীতেশ-জেনেলিয়ার কোলে। দুই ছেলেকে নিয়ে আপাতত তাঁদের সুখের সংসার। তৃতীয়জনকে আনার যে এখনই কোনও পরিকল্পনা নেই তা জানিয়ে দিলেন রীতেশ। প্রসঙ্গত, একটি রিয়্যালিটি শো-তে গিয়েও রীতেশ জানিয়েছিলেন দুই সন্তানকে নিয়ে আপাতত তাঁরা সুখী, এখনই তৃতীয় কাউকে আনতে চান না দম্পতি।
‘জওয়ান’ থেকে বিপুল আয় অভিনেতাদের! নয়নতারা, শাহরুখের রোজগার শুনলে চোখ কপালে উঠবে