ঘটনার সূত্রপাত দিন তিনেক আগে। সোশ্যাল মিডিয়ায় এক মডেল বেশ কিছু স্ক্রিনশট শেয়ার করে ঋজুর নামে অভিযোগ আনেন।
.png.webp)
শেষ আপডেট: 2 November 2025 16:45
দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়া এখন বিভক্ত দুই ভাগে। যাদের কাছে ঋজু বিশ্বাসের মেসেজ পৌঁছেছে, অপরভাগ যাঁরা এখনও তাঁর মেসেজ পাননি। ঋজু নিজেই জানিয়েছেন, বহু মেয়েকে সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, 'ইউ লুক গুড ইন শাড়ি'। আর এখানেই তাঁর প্রশ্ন, 'এতে অশ্লীলতা কোথায়'?
ঘটনার সূত্রপাত দিন তিনেক আগে। সোশ্যাল মিডিয়ায় এক মডেল বেশ কিছু স্ক্রিনশট শেয়ার করে ঋজুর নামে অভিযোগ আনেন। সেই পোস্টের কমেন্টবক্সেও অনেকেই ঋজুর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। দাবি করেন, অকারণে মেসেজ করে উত্যক্ত করছেন ঋজু। নম্বর চাওয়া থেকে শুরু করে ভিডিও কল-- অভিযোগের পাহাড় জমতে থাকে অভিনেতার বিরুদ্ধে।
কেন এমন করলেন ঋজু? দ্য ওয়ালকে তিনি বলেন, "শাড়িতে সুন্দর লাগছে বললে সেটা কি খারাপ? আমার মাকেও যদি কেউ বলে ভাল লাগছে, বলুক না। আমি আমার মাকেও বলি শাড়িতে সুন্দর লাগছে, তার মানে কি মেয়েবাজি করছি? এর থেকে কি ভাল কমপ্লিমেন্ট আছে?" তাঁর দাবি, তিনি অভিনেতা বলেই তাঁর নাম ভাঙিয়ে অনেকে জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করছে। তিনি যোগ করেন, " আমার নম্বর পাবলিক করেছে। এটা তো অন্যায়। স্ক্রিনশটে দেখাক যে আমি খারাপ কথা বলেছি। আমার কাছে অনেক মেসেজ আসে 'কাজ দিন, সব কিছু করব'। আমি তো সেগুলোকে প্রশ্রয় দিইনি। বরং বলেছি যে আমি কাস্টিং ডিরেক্টর নই, প্রযোজকও নই।"
শুধু একজনকে নয়, বিগত বেশ কিছু ধরে বহু মানুষ বিশেষত মেয়েদের একই ধরনের মেসেজ করে গিয়েছে ঋজু। প্রথমে শাড়িতে সুন্দর লাগছে বলে প্রশংসা, বাক্যালাপ এগোলে নম্বর চাওয়া, আর তা না হলে 'লাপাতা লেডিজ'। একইসঙ্গে এত মেয়েকে একই ধরনের মেসেজ কেন? তাঁর উত্তর, "আমি বহুদিন ধরেই ফেসবুকে আছি। একই সময়ে তো এতজনকে মেসেজ করেছি এমনটা নয়। একজনকে লিখি বা হাজার জনকে লিখি অশ্লীল কিছু তো লিখিনি।"
'বউ কথা কও' ধারাবাহিক দিয়েই ঋজুর পরিচিতি। এরপর তাঁর 'তোমায় আমায় মিলে'ও বেশ জনপ্রিয় হয়। যদিও এরপর তাঁকে পার্শ্বচরিত্রে দেখা গেলেও সেভাবে আর লিড চরিত্রে দেখা যায়নি। ঋজু যা করেছেন তা নিয়ে এখন বিভক্ত সোশ্যাল মিডিয়াও। টলিউডের অন্দরেও বিভাজন। অনেকেই তাঁকে বিঁধছেন, কেউ বা তাঁর মানসিক স্বাস্থ্যের কথা চিন্তা করে ক্ষান্ত হওয়ার ডাক দিচ্ছেন।