
ঋষি কাপুর
শেষ আপডেট: 30 April 2025 18:43
দ্য ওয়াল ব্যুরো: সালটা ছিল ২০২০। এপ্রিল মাসের ৩০ তারিখ। ক্যানসারের সঙ্গে যুদ্ধে জয়ী হতে পারেননি ঋষি কাপুর। করোনাকালেই মারা যান তিনি। কেটেছে পাঁচ পাঁচটা বছর। একবিংশ শতকে শোকের আয়ু বড় কম! বড় জোর এক বছর, বলেছেন নাজিম হিকমত।
তবু পাঁচ বছর কেটে গেলেও আজও প্রয়াত অভিনেতার স্মৃতি আঁকড়ে রয়েছেন কাপুর পরিবার। হঠাৎই চলে গিয়েছিলেন ঋষি কাপুর। ইচ্ছে ছিল মৃত্যুর আগে দুই ইচ্ছে পূর্ণ করবেন। কিন্তু হায়! তা হয়নি। ইচ্ছেপূরণের আগেই মারা যান তিনি। কী সেই দুই ইচ্ছে? জানিয়েছেন তাঁর মেয়ে রিদ্ধিমা কাপুর।
রিদ্ধিমার কথায়, "বাবার প্রথম ইচ্ছে ছিল ভাই অর্থাৎ রণবীরের বিয়ে দেখে যাবে। পারেননি। বাবার মৃত্যুর পর রণবীরের বিয়ে হয়েছে। বাবা চেয়েছিলেন বান্দ্রার বাড়িটা দেখে যাবেন। বাড়িটা হল ঠিকই, কিন্তু বাবার মৃত্যুর পর।"
২০২২ সালে বিয়ে করেন রণবীর। আলিয়া ভাট তাঁর স্ত্রী। তাঁদের এক মেয়েও হয়েছে। ভরপুর সংসার, তবে ঋষি কাপুরের অনুপস্থিতি প্রতি মুহূর্তে অনুভব করে গোটা পরিবার। ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ঋষি কাপুর। বিদেশ থেকে চিকিৎসা করানো হলেও শেষরক্ষা হয়নি। প্রয়াত হন অভিনেতা।