
এক ফ্রেমে তিন প্রজন্ম
শেষ আপডেট: 4 March 2025 16:48
দ্য ওয়াল ব্যুরো: তখন ভরা লকডাউন। আচমকাই প্রয়াত হন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষের (Riddhima Ghosh) মা। সালটা ছিল ২০২১। কেটেছে তিন বছর। তবু মায়ের স্মৃতি এখনও দগদগে তাঁর মনে। মঙ্গলবার সকাল থেকেই মনটা ভাল নেই ঋদ্ধিমার। আজ তাঁর মায়ের জন্মদিন। অথচ মাকে ছুঁয়ে দেখতে চাইলেও পারবেন না তিনি। অগত্যা সম্বল সেই লেখাই। মাকে নিয়ে হৃদয় নিংড়ে কিছু কথা লিখেছেন ঋদ্ধিমা। যা পড়লে অজান্তেই ভিজতে পারে চোখের কোল।
ঋদ্ধিমা এখন নিজেও মা। অথচ মা তাঁর সন্তানকে দেখে যেতে পারেননি। অভিনেত্রী লিখছেন, "এমন একটা দিন ও যায় না যেদিন তোমার কথা ভাই না। ধীর (ঋদ্ধিমার সন্তান) তোমায় এর মধ্যেই নানি বলে ডাকতে শুরু করেছে। তোমার নাম, তোমার অস্তিত্ব, তোমার উপস্থিতি প্রতি মুহূর্তে ওর মধ্যে দিয়ে অনুভব করতে পারি। জানো, ও তোমায় হামি দেয়, টাটা করে, ডাকে, গুড মর্নিং বলে। ও তো জানে, তুমি ওর পাশেই আছ, ওকে দেখছো।"
মা আছেন, তাঁর শরীর হয়তো মিলিয়ে গিয়েছে পঞ্চভূতে, তবে তিনি আছেন স্মৃতি হয়ে। দেখেছেন সবটা-- এই বিশ্বাসই লালন করতে চান ঋদ্ধিমা। তাঁর কথায়, "শুভ জন্মদিন মা। স্বর্গে ভালভাবে উদযাপন করো"।
সন্তান হওয়ার পর কিছু দিন ব্রেক নিয়েছেন ঋদ্ধিমা। নতুন কোনও ছবি বা ধারাবাহিকের দেখা যায়নি তাঁকে। তবে সম্প্রতি স্বামী গৌরভ চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধে এক রিয়ালিটি শো সঞ্চালনা করেছিলেন তিনি। এই মুহূর্তে তাঁর জীবন ধীরকে ঘিরেই আবর্তিত হচ্ছে।