
আলি ফাজল এবং রিচা চাড্ডা
শেষ আপডেট: 18 July 2024 16:27
দ্য ওয়াল ব্যুরো: আলি ফাজল এবং রিচা চাড্ডার সংসারে নতুন সদস্য। সুখবর দিলেন এই সেলেব্রেটি দম্পতি। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন রিচা। সেই খবরই তাঁরা ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। কয়েকদিন আগেই প্রেগন্যান্সি ফোটোশ্যুট করেছিলেন তাঁরা। কয়েকদিনের মধ্যেই চলে এল ভাল খবর।
সোশ্যাল মিডিয়ায় যৌথ বিবৃতি দিয়ে আলি এবং রিচা জানিয়েছেন, ''গত ১৬ জুলাই আমাদের কন্যা সন্তানের জন্ম হয়েছে। আমরা সবাই এই খবর ভাগ করে নিতে পেরে ভীষণ আনন্দিত। আমাদের পরিবারও দারুণ খুশি। আর যারা এতদিন ধরে আমাদের শুভেচ্ছা জানিয়েছেন, খোঁজ নিয়েছেন, তাঁদের সকলকে ধন্যবাদ।''
View this post on Instagram
বলিউডের অন্যতম পাওয়ার কাপল হিসেবে পরিচিত রিচা চাড্ডা এবং আলি ফাজল। দুজনে খুব কম সিনেমায় একসঙ্গে কাজ করলেও তাঁদের অফস্ক্রীন কেমেস্ট্রিতে মাত হয়েছে সকলেই। কয়েক বছর আগে দুজনকে 'ফুকরে' এবং 'ফুকরে রিটার্নস' ছবিতে একসঙ্গে দেখা গেছিল। তবে আলাদাভাবে দুজনেই রূপোলি জগতের প্রতিষ্ঠিত তারকা।
সম্প্রতি সঞ্জয় লীলা বনসালি পরিচালিত 'হীরামাণ্ডি' ওয়েব সিরিজে দেখা গেছিল রিচাকে। তাঁর অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছে। আর সিনে জগত আপাতত মেতে রয়েছে 'মির্জাপুর'-এর 'গুড্ডু ভাইয়া' আলি ফাজলকে নিয়ে। পরপর দুই সিজন পর তৃতীয় সিজনেও নিজেকে অভিনেতা হিসেবে আলাদা জায়গায় নিয়ে গেছেন আলি। সেই প্রেক্ষিতে দুজনেই এখন চর্চার কেন্দ্রবিন্দুতে।