
শেষ আপডেট: 30 January 2024 13:33
দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক অঙ্গনে অন্যতম চলচ্চিত্র উৎসব সানড্যান্স। অ্যামেরিকার 'ইউটা'-তে অনুষ্ঠিত হয় এই উৎসব। সম্প্রতি সেখানে দেখানো হয়েছে রিচা চাড্ডা, আলি ফজল প্রযোজিত ছবি 'গার্লস উইল বি গার্লস'। সুচি তালাতির পরিচালনায় এই ছবি সানড্যান্সে ইতিমধ্যে দুটি পুরস্কার পেয়েছে।
একটি ওয়ার্ল্ড সিনেমা ড্রামাটিক বিভাগে, অন্যটি অভিনয়ের জন্য, স্পেশাল জুরি অ্যাওয়ার্ড।

গল্পটি প্রেমের। ১৬ বছরের মেয়ের একটি ছেলের সঙ্গে সম্পর্ক, ভাল লাগা নিয়ে ছবির কাহিনী। ছেলেটিকে মেয়েটি তার মায়ের সঙ্গে দেখা করায়। কিন্তু সমস্যা হয় যখন মায়ের সঙ্গে ছেলেটির বন্ধুত্ব সে মেনে নিতে পারে না। সম্পর্কের বিভিন্ন সমীকরণ নিয়েই এই ছবির কাহিনী এগোতে থাকে।

১৬ বছরের মেয়েটির চরিত্রে অভিনয় করেছে প্রিতি পানিগ্রাহি। ইতিহাস নিয়ে দিল্লির হিন্দু কলেজে পড়াশোনা। এর আগে দুটি স্বল্প দৈর্ঘ্যের ছবিতে অভিনয় করেছেন। মায়ের চরিত্রে অভিনয় করেছেন কানি কুস্রুতি। যাকে সম্প্রতি দেখা গেছে নেটফ্লিক্সের সিরিজ 'কিলার স্যুপ'-এ।
রিচা চাড্ডা ও আলি ফজলের প্রথম প্রযোজনা এই ছবি। তবে প্রথম হলেও এই ছবি নিয়ে বেশ আশান্বিত দুজনেই। শুধু সানড্যান্স না, অন্যান্য চলচ্চিত্র উৎসবে এই ছবিকে পৌঁছে দিতে চান বলে জানিয়েছেন রিচা চাড্ডা। পরবর্তীতে গথেনবার্গ ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবি দেখানো হবে বলে জানিয়েছেন তিনি।

ইতিমধ্যে হলিউডে পা রেখেছেন আলি। 'ডেথ অন দ্য নাইল', 'ফিউরিয়াস ৭', 'কান্দাহার' ছবির মাধ্যমে বেশ নামডাক হয়েছে তার। অন্যদিকে রিচা চাড্ডাও তার পরবর্তী ছবি 'আভি তো পার্টি শুরু হুই হ্যায়' ছবির শুটিং-এ ব্যস্ত। এত ব্যস্ততার মধ্যেও আলি-রিচা ২০২২ সালে বিয়ে করেন।
'গার্ল উইল বি গার্ল' কবে বড় পর্দায় আসে, এখন তারই অপেক্ষায় সবাই।