
শেষ আপডেট: 29 July 2022 09:54
দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিন ধরেই রাজ্য তথা দেশের রাজনীতি সরগরম তাঁকে নিয়ে। সদ্য প্রাক্তন শিল্পমন্ত্রীর ঘনিষ্ঠ বান্ধবী অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) দুটি ফ্ল্যাট থেকে ইডির (ED) তল্লাশিতে পাওয়া গেছে প্রায় ৫০ কোটি টাকা সহ বিপুল পরিমাণ সোনার গয়না ও বিদেশী মুদ্রা। তাঁর প্রাথমিক পেশা অভিনয় হলেও অভিনেত্রী হিসাবে বাংলার দর্শক মহলে খুব একটা পরিচিত নন তিনি। হাতে গোনা ছবিতেই দেখা গেছে তাঁকে। সেই কারণেই তাঁর বাড়ি থেকে পাওয়া এই বিপুল টাকার উৎস নিয়ে সন্দিহান বেশিরভাগই। জানেন কি, অভিনেত্রী (Actress) হিসাবে কত পারিশ্রমিক (Remuneration) পেতেন অর্পিতা?
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, রাহুল বন্দ্যোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকারের মতো অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছেন অর্পিতা। অভিনেতা বনি সেনগুপ্তর বাবা অনুপ সেনগুপ্তর সঙ্গে কয়েকটি ছবিতে কাজ করেছেন বেলঘরিয়ার মেয়ে অর্পিতা। অনুপবাবু জানিয়েছেন, সেই ছবিগুলির মধ্যে 'রাজনন্দিনী' ছবিটির জন্য সর্বোচ্চ পারিশ্রমিক পেয়েছিলেন অর্পিতা, যার পরিমাণ ছিল ২০ হাজার টাকা। এছাড়া 'মামা ভাগ্নে' ছবির জন্য পেয়েছিলেন ১৫ হাজার টাকা। রাহুল-প্রিয়াঙ্কার সঙ্গে 'প্রতিদ্বন্দ্বী' ছবিতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন অর্পিতা, যার জন্য তিনি ১০ হাজার টাকা পেয়েছিলেন বলে দাবি অনুপবাবুর।
অর্পিতাকে মধ্যমানের অভিনেত্রী বলেই মনে করেন অনুপবাবু। তিনি আরও জানিয়েছেন, অর্পিতার সঙ্গে ২০১২ সালে শেষবার কাজ করেছেন তিনি। তারপর আর তেমন যোগাযোগ ছিল না। তবে মাঝে কাজের খোঁজ আছে কিনা জানতে চেয়ে ফোন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী, এমনটাই জানিয়েছেন তিনি।
অর্পিতা কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লেন মাটিতে, পার্থ নীরব, নাটকীয় ঘটনা হাসপাতালে! দেখুন ভিডিও