
শেষ আপডেট: 9 January 2021 12:57
যে মুহূর্তে তাঁর একেবারেই বেড রেস্টের প্রয়োজন, তখন তিনি জিমে গিয়ে ঘাম ঝরাতে ব্যস্ত! ভারী ভারী ওজন তুলে, পুরনো ফর্মে ফিরতে চাইছেন রেমো। ভিডিওর ক্যাপশনে লিখেছেন, "বাধা পেরিয়ে ফিরে যখন এসেছি, আরও একবার ঝাঁপিয়ে পড়ার আগে জোর কদমে প্রস্তুতি নিচ্ছি। তবে ধীরে ধীরে।" পোস্টের কমেন্ট সেকশন অফ করে রাখলেও, ভরে যাচ্ছে লাইকে।
কয়েকদিন আগেই রেমো এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন জিম করার সময় আচমকা তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই অসুস্থ অবস্থাতেই বাড়ি ফেরেন স্ত্রী লিজেলা ডি'সুজার সঙ্গে। কিন্তু লিফ্টে ওঠার সময় বুকে ব্যথার কারণে ধুপ করে বসে পড়েন সেখানে। কোনও মতে ঘরে পৌঁছালেও, তাঁর স্মার্ট ঘড়ি ততক্ষণে অসুস্থতার খবর দিয়ে দিয়েছে। তৎক্ষণাৎ হসপিটালে তাঁকে ভর্তি করা হলে, ডাক্তাররা রেমোর 'মেজর হার্ট অ্যাটাক'-এর খবর তাঁর স্ত্রীকে জানান।
কিছুটা সুস্থ হয়ে বর্তমানে বাড়ি ফিরেছেন রেমো। আরও একটি ভিডিও পোস্ট করে সকলকে ধন্যবাদও জানিয়েছিলেন তারপর। কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন সালমান খানের কাছেও। হার্ট অ্যাটাকের কয়েকদিনের মাথায় রেমোকে আবার সেই জিমে গিয়ে এক্সারসাইজ করতে দেখে, কেউ কেউ উদ্বেগও প্রকাশ করেছেন। শোনা যাচ্ছে, নতুন বছরে একটি সিনেমায় তিনি প্রযোজক হিসেবে কাজ করতে চলেছেন। এই সিনেমাতেই ক্যাটরিনা কাইফের বোন ইসাবেলার আত্মপ্রকাশ ঘটতে চলেছে।