
শেষ আপডেট: 20 March 2023 07:31
দ্য ওয়াল ব্যুরো: গত ১৭ মার্চ সারা ভারতে মুক্তি পেয়েছে মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে (Mrs Chatterjee vs Norway)। মুক্তির পর থেকেই এক মায়ের চরিত্রে রানি মুখোপাধ্যায়ের অভিনয় সকলেরই মন জিতে নিয়েছে। নরওয়ে সরকারের সঙ্গে সন্তানের (children) অধিকার নিয়ে একা মায়ের (mother) যুদ্ধ চোখ ভিজিয়েছে দর্শকের।
কিন্তু যে মায়ের আদলে গড়ে উঠেছে মিসেস দেবিকা চ্যাটার্জীর চরিত্রটা সেই সাগরিকা চ্যাটার্জী (Sagarika Chatterjee) কেমন আছেন এই মুহূর্তে?
উত্তর পাওয়া গেল সাগরিকার নিজের মুখেই। পর্দায় দেবিকার লড়াই নরওয়ে সরকারের বিরুদ্ধে জিতে যাওয়াতেই শেষ হলেও বাস্তবে ঠিক সেখান থেকেই শুরু সাগরিকার সংগ্রাম। যে সন্তানদের ঘিরে তাঁর এই অদম্য লড়াই সেই দুই সন্তানকে আজও কাছে পান না সাগরিকা।
নরওয়ে সরকার তাঁর সন্তানদের আটকে রাখতে পারেনি ঠিকই, তবে ভেঙে দিয়েছে সাগরিকার স্বামী ছেলে মেয়ে নিয়ে সাজানো সংসার। ওই ঘটনার পর স্বামী অভিরূপের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে তাঁর। স্বামী বিদেশের উজ্বল কেরিয়ার ছাড়তে নারাজ। তাই তিনি রয়ে গিয়েছেন নরওয়েতেই।
'দ্য জার্নি অফ আ মাদার' এর লেখিকা সাগরিকার জার্নি আজও চলছে সন্তানদের থেকে দূরে থেকেই। নরওয়ে কাণ্ডের পর দেশে ফিরে আসেন সাগরিকা তাঁর দুই ছেলেমেয়েকে সঙ্গে নিয়ে। দাদু দিদার আশ্রয়ে বেড়ে উঠছে সেই দুই নাবালক। আর সাগরিকা এতদিন চাকরি করতেন নয়ডাতে। বর্তমানে পুণেতে নতুন এক কোম্পানিতে যোগ দিয়েছেন তিনি।
স্বামী কি কোনও সম্পর্কই রাখেন না? প্রশ্নের উত্তরে সাগরিকা বললেন, 'পর্দায় যা দেখানো হয়েছে তাঁর চেয়ে অনেক বেশি শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করেছি আমি। ফলে, যোগাযোগ রাখার প্রশ্নই ওঠে না।' ঠিক সেই কারণেই দেশে ফিরে বয়স্ক মা বাবার দেখাশোনা এবং বাচ্চাদের পড়াশোনার খরচ চালাতে চাকরি নিতে হয় সাগরিকাকে।
সাগরিকার এই দ্বিতীয় অধ্যায়ের জার্নিও সকলের জানা প্রয়োজন, এমনটাই মনে করেন তিনি। সেই কারণেই প্রথম বইয়ের পর আবারও দ্বিতীয় বই লেখার পরিকল্পনা করছেন তিনি। সেই বই হয়তো বলে দেবে, পর্দায় ছবির শেষ দৃশ্য সুখের হলেও, একা মায়ের লড়াই সাগরের মতোই অনন্ত।
মোহনবাগান তাঁবুতে মমতা, সংবর্ধনায় আবেগে ভাসছে ঐতিহ্যের তাঁবু