
শেষ আপডেট: 15 February 2024 15:41
দ্য ওয়াল ব্যুরো: নব্বইয়ের দশকে সবাই সুপারহিরো বলতে একজনকেই বুঝত, শক্তিমান। শক্তিমানের প্রায় চারশোর কাছাকাছি এপিসোড ডিডি ন্যাশনালে দেখানো হয়েছিল। ১৯৯৭ থেকে ২০০৫ অবধি টানা চলেছিল সিরিয়ালটি। নব্বই দশকের ছেলেমেয়েদের কাছে গঙ্গাধর ছিল সবথেকে প্রিয় চরিত্র। এবার সেই কাহিনী নিয়েই বানানো হচ্ছে সিনেমা। প্রায় ৩ বছর ধরে চিত্রনাট্য নিয়ে আলোচনার পর এবার বড় পর্দায় আসতে চলেছে 'শক্তিমান'।

সোনি পিকচারস ও সাজিদ নাদিয়াওয়ালার প্রযোজনায় ছবিটি তৈরি হতে চলেছে। শক্তিমানের চরিত্রে অভিনয় করবেন রণবীর সিং। প্রায় সাত মাস ধরে ডন ৩-এর শুটিং চলবে। সেটা শেষ হলেই উনি হাত দেবেন এই সুপারহিরো ফিল্মে। ছবিটি পরিচালনা করবেন বাসিল জোসেফ। উনি নেটফ্লিক্সের 'মিন্নাল মুরলি' সুপারহিরো সিনেমাটিও পরিচালনা করেছিলেন।
শক্তিমান অর্থাৎ গঙ্গাধরের রূপে দেখা যাবে রণবীরকে। তবে মুকেশ খান্নাকে গঙ্গাধরের রূপে দেখে দর্শক এতটাই অভ্যস্ত, সেখানে অন্য কাউকে মেনে নিতে সমস্যা হবে। আর সেই চ্যালেঞ্জটাই নিলেন অভিনেতা। ২০২৫ সালে ছবির শুটিং হবে বলে সূত্রের খবর। সব ঠিক থাকলে ২০২৬-এ মুক্তি পেতে পারে শক্তিমান।
রণবীরের জীবনের সবচেয়ে বড় প্রোজেক্ট শক্তিমান। ইন্ডাস্ট্রিতে উপরের সারিতেই নাম রণবীরের। তবে এখন ওঁর হাতে অনেকগুলি কাজ। আপাতত ফারহান আখতারের ডন ৩ নিয়ে তিনি ব্যস্ত। শুটিং শুরু হয়ে গেছে। শাহরুখ খান ও অমিতাভের ডনের সঙ্গে পাল্লা দেবেন কীভাবে সেটাই এখন দেখার। এছাড়াও রোহিত শেট্টির 'সিঙ্ঘম এগেইন'-এ ক্যামিও চরিত্রে দেখা যাবে অভিনেতাকে।