
শেষ আপডেট: 2 August 2023 08:57
দ্য ওয়াল ব্যুরো: করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে রণবীর সিংয়ের (Ranveer Singh) অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছে সাধারণ দর্শক থেকে শুরু করে সমালোচক মহলে। পাঞ্জাবি ছেলের চরিত্রে কখনও ‘লাউড’, আবার কখনও কান্নার দৃশ্যে অভিনয়ে বাজিমাত করেছেন অভিনেতা। এবার সেই সাফল্য উদযাপন করতে নিজের দাদুর (grandfather) কাছে গেলেন রণবীর। ইনস্টাগ্রামে দাদুর সঙ্গে ছবি, ভিডিও-ও পোস্ট করেছেন তিনি। যা দেখে নেটিজেনরা বলছেন, নাতি আর দাদু দু’জনের মধ্যে কোনও তফাৎ নেই।

তাই ছবির সাফল্য ভাগ করে নিতে সবার আগে সেই দাদুর কাছেই গেলেন রণবীর। আর দু’জনের হাসি-মজা, খুনসুটির যে ঝলক দেখা গেল সোশ্যাল মিডিয়ায়, তা দেখে সবাই একবাক্যে একথা স্বীকার করছেন যে, রণবীর তাঁর দাদুর আদর্শ নাতি।
দাদুর সঙ্গে একটি ছবি ও দু’টি ভিডিও ইনস্টাগ্রাম হ্যান্ডলে শেয়ার করেছেন অভিনেতা। প্রথমে ছবিতে দেখা যাচ্ছে, দাদু-নাতি পাশাপাশি দাঁড়িয়ে আঙুল দিয়ে ভিক্ট্রি সাইন দেখাচ্ছেন। দাদুর গায়ে তখন ‘টিম রকি’ লেখা কালো টি-শার্ট। অন্যদিকে রণবীরের পরনে ছিল ‘হোয়াট ঝুমকা’ লেখা নীল রঙের সোয়েট শার্ট। দু’জনের হাসিই বুঝিয়ে দিচ্ছিল, ছবির সাফল্যে তাঁরা কতটা খুশি। কতটা উচ্ছ্বসিত।
এরপর ছিল আরও দু’টি ভিডিও। তার একটিতে দেখা যাচ্ছে রনবীর ও তাঁর দাদু ‘ঝুমকা গিরা রে’ গানে নাচ করছেন। উল্লেখ্য, ওই গানটিই আবার নতুন করে ‘রকি অউর রানি…’ ছবিতে ব্যবহার করা হয়েছে। আর শেষ ভিডিওতে রণবীরের দাদুকে বলতে শোনা গিয়েছে, ‘টিক্কি ছোড়ো, টাকিলা লাও’! যার আক্ষরিক অর্থ করলে দাঁড়ায়, ‘বেশি কথা না বাড়িয়ে আমার জন্য টাকিলা নিয়ে এসো’। ৯৩ বছর বয়সে এসে নিজের জীবনকে কীভাবে উপভোগ করতে হয়, সেটাই যেন রণবীরের দাদু বুঝিয়ে দিয়েছেন। সেই ছবি-ভিডিও পোস্ট করে রণবীর ক্যাপশনে লিখেছেন, ‘দাদু এখন ‘রকি’জম-এর শীর্ষে আছেন। ৯৩ এবং রকিং!’
নিজের গল্প টোটার মাধ্যমে বলেছেন করণ, বাস্তব জীবনে নাচতে ভালবাসেন তিনিও