রণবীর সিং আবারও সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রে। কিন্তু সুখবর নয়—বরং তাঁর সাম্প্রতিক আচরণকে ঘিরে উঠেছে তীব্র সমালোচনার ঝড়।

শেষ আপডেট: 30 November 2025 19:02
দ্য ওয়াল ব্যুরো: রণবীর সিং আবারও সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রে। কিন্তু সুখবর নয়—বরং তাঁর সাম্প্রতিক আচরণকে ঘিরে উঠেছে তীব্র সমালোচনার ঝড়।
গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (IFFI)-এর মঞ্চে ঋষভ শেট্টির ব্লকবাস্টার ‘কান্তারা’ থেকে একটি নির্দিষ্ট মুহূর্ত পুনরাভিনয় করেন রণবীর। এবং সেই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর থেকেই বিতর্কের আগুন ছড়িয়ে পড়ে। রণবীর মঞ্চে ‘গুলিগা দাইবা’ আর তাঁর বোন ‘চাউন্ডি’র দৃশ্যটি উপস্থাপন করতে গিয়ে চোখ সরু করা, জিভ বার করা, আর উচ্চস্বরে চিৎকারের ভঙ্গি করেন। ঋশভ শেট্টি হাসিমুখে দেখলেও দর্শক-নেটিজেনদের বড় অংশ তা মোটেও ভালোভাবে নেননি।
ভিডিও প্রকাশের পর থেকে একের পর এক তোপ, সোশ্যাল মিডিয়ায়। বহু দর্শক লিখেছেন, রণবীরের এই অভিনয় ছিল ‘অযথা বাড়াবাড়ি’, এমনকি ‘অশ্রদ্ধার’ পরিচয়।
একজন লিখলেন, “রণবীরের কান্তারা রিঅ্যাকশন অপ্রয়োজনীয় এবং অসম্মানজনক লেগেছে।” আরেকজন তীব্র কটাক্ষ করলেন—রণবীর নাকি এখন প্রকাশ্যে ‘ছাপরি’-র মতো আচরণ করছেন, তাঁর উচিত ‘মেজর অ্যাক্টর’-এর মতো পরিণত ব্যবহার করা। নেটিজেনরা সরব হয়ে ওঠেন—রণবীর নাকি বোঝেননি ‘দাইবা’ দেবী, কোনও ‘Female Ghost’ নন। তাঁরা বলছেন, রণবীরের অঙ্গভঙ্গি, উচ্চারণ—সবই তুলু সংস্কৃতি এবং দাইবা পূজার পবিত্র ঐতিহ্যের প্রতি চরম অসম্মান। এমনকি অনেকে তাঁর কাজকে সরাসরি ‘blasphemy’ বলেও চিহ্নিত করছেন।
কেউ লিখেছেন, “রণবীর সিং চাউনডি মাতাকে ভূত বললেন এবং মঞ্চে নকল করে মজা করলেন—এটা কি ধর্মনিন্দা নয়?” আরেকজনের ক্ষোভ—“আপনি দেবী আর ভূতের পার্থক্যই জানেন না! বড় মঞ্চে দাঁড়িয়ে হাস্যকর অনুকরণ!” একজন যেন কঠোর সতর্কতাই দিয়ে দিলেন—“রণবীর, তোমার অতিরিক্ত এনার্জি তোমাকে বাজে কথা বলায়। অভিনয় কতই ভালো হও, এমন বোকামি করলে মানুষ ঠাট্টাই করবে।”
আরও একজনের আক্ষেপ—“ভালো অভিনয় করেন, কিন্তু এসব আচরণ তাঁকে ভাঁড়সুলভ করে তোলে।” এমনকি রণবীর মজার ছলে জিজ্ঞেস করেছিলেন, তিনি কি ‘কান্তারা ৩’-এ থাকতে পারেন? কিন্তু দর্শকদের বড় অংশই এতে আরও বিরক্ত হন।
এদিকে ঋশভ শেট্টি রয়েছেন সম্পূর্ণ বিপরীত আলোচনায়—সমালোচনার নয়, প্রশংসার কেন্দ্রে। তাঁর ‘Kantara: A Legend – Chapter 1’, যা মূল ছবির প্রিক্যুয়েল, দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছে। কান্তারার ভূমিতে উপজাতি ও বাংলা রাজ্যের সংঘাতকে কেন্দ্র করে গড়ে ওঠা এই গল্পে কুলশেখরের চরিত্রে গুলশন দেবাইয়া আর নিজ সম্প্রদায়ের নেতা ‘বুর্মে’র ভূমিকায় রিশভ—উভয়ের অভিনয়েই মুগ্ধ দর্শক। গল্প, পরিবেশন আর আবহ—সব কিছুর প্রশংসায় ভাসছে সিনেমাটি।
Dear @RanveerOfficial you don't know the difference between God and Ghost ....🤦🤦🤦
Chavundi is Goddess not ghost ..🙏
And you literally mocking on big stage..🤦#KantaraChapter1 #RanveerSingh pic.twitter.com/SXV3HZdUfq— Agasthya ᵀᵒˣᶦᶜ (@sachi_1933) November 29, 2025
IFFI 2025-এর সমাপনী অনুষ্ঠানে একই মঞ্চে হাজির ছিলেন রণবীর সিং এবং ঋষভ শেট্টি। সেখানকার একটি ভিডিও এখন তুমুল ভাইরাল। ঋষভকে নিয়ে প্রশংসার ঢেউ তুলতে গিয়েই বোধহয় রণবীর একটু ‘ওভারবোর্ড’ করে ফেলেন। তিনি বলেন, “আমি হলে দেখেছি কান্তারা চ্যাপ্টার ১, ঋষভ, তোমার অভিনয় অসাধারণ, বিশেষ করে যখন ‘চামুন্ডি দাইবা’ তোমার শরীরে প্রবেশ করে—ওই শটটা ছিল অবিশ্বাস্য।”
কিন্তু এখানেই থামেননি রণবীর। মঞ্চেই সেই দৃশ্যের ক্লাইম্যাক্স অংশ অনুকরণ করেন, যা দেখে ঋশভ হাসলেও উপস্থিত জনতার একাংশের ভ্রু কুঁচকে যায়। এরপর তিনি আবারও জিজ্ঞেস করেন—তাঁকে কি কান্তারা ৩-এ দেখা যাবে? কেউ কেউ হাত তুলে উৎসাহ দেখালেও অল্প সময়ের মধ্যেই নেটমাধ্যমে সমালোচনার ঢেউ নামতে শুরু করে।
প্রশংসা আর তিরস্কারের এই দুই মেরুর মাঝে দাঁড়িয়ে এখন রণবীর। একজন অসাধারণ অভিনেতা হয়েও তাঁর আচরণ ঘিরে বারবার প্রশ্ন ওঠে—মঞ্চে তাঁর অতি-উচ্ছ্বাস কি সত্যিই চরিত্রের ঔজ্জ্বল্য ঢেকে দিচ্ছে? নাকি তিনি নিজেই বুঝতে পারছেন না—সংস্কৃতির প্রতি শ্রদ্ধা না দেখালে এক মুহূর্তেই করতালির শব্দ বদলে যেতে পারে নীরব ক্ষোভে?
শেষমেশ প্রশ্নটা থেকেই যায়—রণবীর কি এবার নিজের ‘অতিরিক্ত শক্তির ঝড়’ সামলাতে শিখবেন, নাকি আবারও নতুন বিতর্কের অপেক্ষা করছে বলিউড?