
ফাইল চিত্র
শেষ আপডেট: 12 February 2025 18:58
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি অশ্লীল মন্তব্য করে বিপদে পড়েছেন জনপ্রিয় ইউটিউবার রণবীর আল্লাবাদিয়া। 'ইন্ডিয়াস গট ল্যাটেন্ট' শোতে বাবা-মায়ের যৌনতার ব্যাপারে অশালীন মন্তব্য করার পর সমালোচনার মুখে পড়েন তিনি। ইউটিউবারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবং এখন শোনা যাচ্ছে, এই বিতর্কের প্রভাব ব্যক্তিগত জীবনে পড়েছে। গার্লফ্রেন্ড নিক্কি শর্মার সঙ্গে রণবীরের সম্পর্ক ভাঙার গুঞ্জন উঠেছে।
বলিউড শাদিসের এক প্রতিবেদনে জানা গিয়েছে, রণবীর ও নিক্কি একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন। এই খবর ছড়িয়ে পড়তেই ব্রেকআপের গুঞ্জন আরও তীব্র হয়েছে। সম্প্রতি নিক্কি একটি পোস্ট শেয়ার করেন, যেখানে লেখা ছিল, 'আপনার শরীর শুধু খারাপ খাবারই নয়, খারাপ পরিবেশ বা খারাপ মানুষের সঙ্গও সহ্য করতে পারে না। যখন কোনও জায়গা, মানুষ বা কিছু আপনাকে অস্বস্তি দেয়, তখন তা মেনে নিন। নিজের মনের কথা শুনুন এবং বিশ্বাস করুন।'

কিছুদিন আগে গোয়াতে রণবীর এবং নিক্কির একটি ট্রিপে তারা ভয়ংকর একটি ঘটনার সম্মুখীন হন। মৃত্যুর হাত থেকে ফিরে এসেছিলেন তারা। তবে সেই ঘটনার পর থেকে তাঁদের সম্পর্কের মধ্যে কিছু পরিবর্তন আসতে থাকে।
রণবীরের বিতর্কিত মন্তব্যের পর তার ফলোয়ার সংখ্যা ব্যাপকভাবে কমে যায়। কেউ তাকে সমর্থন জানালেও, অনেকেই তার সমালোচনা করছেন। শক্তিমান, অর্থাৎ মুকেশ খান্না রণবীরকে তীব্র সমালোচনা করেছেন এবং তার শাস্তি হিসেবে তাকে গাধার পিঠে বসিয়ে শহর ঘোরানোর পরামর্শ দিয়েছেন। তবে কিছু কমেডিয়ান মনে করেন যে রণবীর কোনও কমেডিয়ান না হওয়ায় তিনি অনিচ্ছাকৃতভাবে এমন কথা বলেছেন, সুতরাং তাঁকে ক্ষমা করা উচিত।
এদিকে, রণবীর তার করা মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন এবং একটি ভিডিও প্রকাশ করে সকলকে অনুরোধ করেছেন, 'আমি যা বলেছি তা ইচ্ছাকৃত ছিল না, আমি একটি ভুল করেছি। আমি হাস্যরসের মানুষ নই, তাই ভুলভাবে কিছু বলেছি। আমি খুব দুঃখিত, আমাকে ক্ষমা করুন।'