
শেষ আপডেট: 23 March 2023 09:36
দ্য ওয়াল ব্যুরো: রণবীর কাপুর, কপিল শর্মার পর এবার করিনা কাপুরের নতুন চ্যাট শো-তে অতিথি হয়ে এলেন রানি মুখোপাধ্যায় (Rani Mukerji)। সম্প্রতি তাঁর নতুন ছবি 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' (Mrs Chatterjee Vs Norway) মুক্তি পেয়েছে। সে ছবির প্রচারেই মূলত এসেছিলেন অভিনেত্রী। আর সেখানেই কথা বলতে বলতে মেয়ে আদিরা (Adira)-কে নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।
এ ছবির গল্প হল এমন এক মা'কে নিয়ে, যে নিজের সন্তানদের কাস্টডি ফিরে পাওয়ার জন্য একটি গোটা দেশের সঙ্গে আইনি লড়াই করে। সেই মায়ের চরিত্রে অভিনয় করতে গিয়ে নানারকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে রানিকেও। এদিকে তিনিও এখন এক সন্তানের মা। তাই স্বাভাবিকভাবেই তাঁর উপরেও এই ঘটনার প্রভাব পড়েছিল। চ্যাট শো-তে এসে করিনার সঙ্গে সেই কথাই শেয়ার করলেন রানি।
ওই শোতে করিনা রানিকে জিজ্ঞাসা করেছিলেন যে, তিনি অভিনয় করার সময় তাঁর মেয়ে আদিরার কথা ভেবেছিলেন কিনা। রানি এক মুহূর্তও না ভেবে সঙ্গে সঙ্গে বলেন, "একেবারেই না বেবো। গল্পটি এতটাই বেদনাদায়ক যে আমি নিজেকে সেই জায়গায় বসাতেই পারব না। তাই আমি আমার মায়ের কথা ভেবেছি। আমি বোঝার চেষ্টা করেছি যে, কেউ যদি আমাকে এবং রাজাকে মা'র কাছ থেকে দূরে নিয়ে যেত, তাহলে মা কী করতেন?"
রানি এরপর করিনাকে আরও বলেন যে, "আমার সঙ্গে এরকম কিছু হলে আমি হয়তো পাগলই হয়ে যাব।" উল্লেখ্য, প্রযোজক-পরিচালক আদিত্য চোপড়াকে বিয়ে করার পর ২০১৫ সালে এক কন্যাসন্তানের জন্ম দেন রানি। নিজেদের নামের সঙ্গে মিলিয়ে মেয়ের নাম রাখেন আদিরা। সে এখন অনেকটাই বড় হয়েছে। মুখোপাধ্যায় পরিবারের দুর্গাপুজো হোক বা অন্য কোনও অনুষ্ঠান, মেয়েকে সঙ্গে নিয়েই আনন্দে মাততে দেখা যায় রানিকে।
ঐশ্বর্যকে সরিয়ে এই সিনেমায় নায়িকা হয়েছিলেন রানি! পরে ক্ষমা চেয়ে নেন বাদশা