
শেষ আপডেট: 8 July 2022 10:11
দ্য ওয়াল ব্যুরো: আগামী ২২ জুলাই মুক্তি পেতে চলেছে রণবীর কাপুর এবং যশ রাজ ফিল্মসের বহু প্রতীক্ষিত সিনেমা 'শামশেরা' (Shamshera)। করণ মালহোত্রা পরিচালিত এই পিরিয়ড-অ্যাকশন ড্রামায় রণবীরের পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে সঞ্জয় দত্ত এবং বাণী কাপুরকে।
কয়েক সপ্তাহ আগেই মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলার। যা বেশ পছন্দ করেছেন দর্শকরা। অভিনয়ের পাশাপাশি নজর কেড়েছে সেট ডিজাইন, ভিএফএক্সের কাজও। যশরাজের এই বিগ বাজেট সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সবাই।
কিন্তু আপনারা জানেন কি, এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয়ের জন্য কত পারিশ্রমিক নিয়েছেন রণবীর কাপুর? সঞ্জয় দত্ত, বাণী কাপুরই বা কত টাকা পেয়েছেন নির্মাতাদের থেকে? সম্প্রতি সেই টাকার অঙ্কটাই প্রকাশ্যে এসেছে।
‘এই দেশ ছেড়ে চলে যাব’! কেন এত অভিমান লাকি আলির
'শামশেরা'র ট্রেলারে তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। ২০১৮ সালের পর ফের এই সিনেমার মাধ্যমেই কামব্যাক করছেন কাপুর পরিবারের এই রাজপুত্র। এমন বিগ বাজেট সিনেমায় অভিনয়ের জন্য রণবীরও বেশ ভালই দর হাঁকাবেন স্বাভাবিক। সূত্রের খবর, এই ছবির জন্য ২০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন রণবীর কাপুর।
সম্প্রতি অক্ষয় কুমারের 'সম্রাট পৃথ্বীরাজ' সিনেমায় 'কাকা কানহা'র ভূমিকায় অভিনয় করেছেন সঞ্জুবাবা। সেই ছবিটিও যশরাজের ব্যানারেই নির্মিত হয়েছিল। যদিও বিগ বাজেট এই সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এবার ফের আরও একটি পিরিয়ড ড্রামায় অভিনয় করছেন সঞ্জয় দত্ত। জানা গেছে, 'শামশেরা'তে অভিনয়ের জন্য ৮ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন তিনি।
ইনি মূলত যশরাজের ঘরের মেয়ে। এই নির্মাতাদেরই 'শুদ্ধ দেশি রোম্যান্স' দিয়ে বলিউডে যাত্রা শুরু বাণী কাপুরের। এরপর আদিত্য চোপড়ার 'বেফিকরে', সিদ্ধার্থ আনন্দের 'ওয়ার'-এও দেখা যায় তাঁকে। সর্বশেষ আয়ুষ্মান খুরানার বিপরীতে 'চণ্ডীগড় কারে আশিকি' সিনেমায় অভিনয় করেছেন বাণী। এবার 'শামশেরা'তে তাঁকে দেখা যাবে রণবীর কাপুরের নায়িকা রূপে। সূত্রের খবর, এই সিনেমায় অভিনয়ের জন্য বাণীকে ৫ কোটি টাকা পারিশ্রমিক দিয়েছে যশ রাজ ফিল্মস।