.png)
ফাইল চিত্র
শেষ আপডেট: 15 January 2025 12:56
দ্য ওয়াল ব্যুরো: রণবীর কাপুর ও তাঁর মেয়ে রাহার মিষ্টি মুহূর্ত হামেশাই নেটিজেনদের মন জয় করে। এক কথায় নেটপাড়া মাতিয়ে রেখেছে ছোট্ট রাহা। মঙ্গলবার রাতে মুম্বইয়ের এক খেলার মাঠে দেখা গেল রণবীরকে মেয়ে রাহার সঙ্গে খুনসুটিতে মেতে উঠতে। ছোট্ট রাহা সাদা শার্ট ও প্যান্ট পরে দৌড়ঝাঁপ করছিল, আর তার হাসি যেন গোটা মুহূর্তটাকে আরও সুন্দর করে তুলেছিল।
সোশ্যাল মিডিয়ায় পাপারাৎজিদের অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়েছে একাধিক ভিডিও, তাতে রাহাকে বাবার চারপাশে ছুটতে ও খেলতে দেখা যায়। এক সময় দৌড়াতে গিয়ে পড়ে যায় রাহা। তবে রণবীর তাকে সঙ্গে সঙ্গে ধরার চেষ্টা করেননি। বরং নিজে থেকেই উঠে দাঁড়ানোর সুযোগ দেন মেয়েকে। এরপর রাহা ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে। সেই মুহূর্তে রণবীরকে মেয়ের হাঁটুতে হাত বুলিয়ে দিতে দেখা যায়, যেখানে পড়ে গিয়ে সামান্য আঘাত লেগেছিল।
View this post on Instagram
অন্য একটি ভিডিওয় দেখা যাচ্ছে, মা আলিয়া ভাটও মাঠে ছিলেন। সাদা টপ ও শর্টস পরে তিনি পিকল বল নিয়ে ব্যস্ত ছিলেন। এদিকে রণবীর তখন মেয়ের দুষ্টুমি সামলাতে ব্যস্ত। সম্প্রতি কাপুর পরিবার থাইল্যান্ডে নতুন বছর উদযাপন করে ফিরেছেন। রণবীরের শ্যালিকা শাহিন ভাট ইনস্টাগ্রামে ছুটির মুহূর্তগুলির কিছু ছবি শেয়ার করেছেন।
একটি বিশেষ ছবিতে দেখা দিয়েছে, রণবীর আলিয়ার গালে চুমু খাচ্ছেন, আর রাহা গম্ভীর মুখে ক্যামেরার দিকে তাকিয়ে। যেন বাবার এই আদর সে মোটেই মেনে নিতে পারছে না! রণবীরকে আগামীতে 'লাভ অ্যান্ড ওয়ার' ছবিতে দেখা যাবে। পাশাপাশি নীতেশ তিওয়ারির আসন্ন ছবি 'রামায়ণ'-এ রামের ভূমিকায় অভিনয় করবেন তিনি। সীতার চরিত্রে থাকবেন সাঁই পল্লবী।