
শেষ আপডেট: 26 February 2023 12:33
দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা রণবীর কাপুর (Ranbir Kapoor) কি সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বায়োপিকে (biopic) অভিনয় করছেন? এই জল্পনা দীর্ঘদিন ধরেই চলছে বলিউডের অন্দরে। কখনও হৃত্বিক রোশন, কখনও যীশু সেনগুপ্ত- একাধিক নাম উঠে এসেছে তালিকায়। তবে শেষ অবধি অনেকেই রণবীরের নামের পাশে সিলমোহর দিতে শুরু করেছিলেন। কাপুর পরিবারের সন্তানই যে 'মহারাজ'-এর চরিত্রে অভিনয় করবেন, তা একপ্রকার ধরেই নিয়েছিলেন সবাই। কিন্তু আজ সে গুড়ে বালি ঢেলে দিলেন রণবীর নিজেই।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক আসবে বড়পর্দায়। বলিউডের বিখ্যাত পরিচালক লাভ রঞ্জন সে দায়িত্ব কাঁধে তুলেছেন বহুদিন। কিন্তু পর্দার 'দাদা' হবেন কে? বাস্তবের দাদা যদিও চাইছেন, রণবীর কাপুরই অভিনয় করুন তাঁর চরিত্রে। যেহেতু অনেকটা সময়ের গল্প বলা হবে সিনেমায়, তাই সৌরভ চাইছেন মূল ভূমিকায় রণবীরের মতো তরুণ অভিনেতাকেই।
কিন্তু রণবীর কি চাইছেন? প্রথমে শোনা গিয়েছিল, রণবীর বায়োপিক করতে রাজি নন। তবে সম্প্রতি খবর রটে যায়, সৌরভের বায়োপিকে অভিনয় করতে রাজি হয়েছেন তিনি। তবে সমস্ত জল্পনার ফাঁস হল রবিবার, কলকাতায়। এদিন রণবীর শহরে এসেছিলেন নিজের আগামী ছবি 'তু ঝুটি ম্যায় মক্কড়'-এর প্রচারে। উল্লেখ্য, এই ছবির পরিচালক লাভ রঞ্জনই। তাই সকলেই মনে করেছিল, আজ এক ঢিলে দুই পাখি মারা হবে শহরে। নতুন ছবির প্রচারও হবে, সঙ্গে সৌরভের বায়োপিকের ঘোষণাও।
কিন্তু কোথায় কী! সরাসরি রণবীর জানিয়ে দিলেন তিনি এই বায়োপিক সম্পর্কে বিন্দুবিসর্গ কিচ্ছুটি জানেন না। এদিন নতুন ছবির সাংবাদিক সম্মেলনে সকলেরই আগ্রহ ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে। তাই 'তু ঝুটি ম্যায় মক্কড়' ছবির পাশাপাশি দাদার আত্মজীবনীতে অভিনয়ের প্রসঙ্গও উঠে আসে। তখনই অভিনেতা বললেন, "আমাকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক অফার করা হয়নি। আমি এ সম্পর্কে কিছুই জানি না এখনও অবধি।"