
শেষ আপডেট: 21 July 2022 06:31
দ্য ওয়াল ব্যুরো: আগামী শুক্রবার, চারবছর পর বড়পর্দায় ফিরছেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। 'শামশেরা'-এর মত হার্ডকোর মশালা সিনেমায় বহুবছর পর দেখা যাবে রণবীরকে। আর সেই ছবির প্রচারে এসেই তাঁর বাবা প্রয়াত ঋষি কাপুরের কথা তুলে আনলেন তিনি। বললেন, 'আমার করা ছবিগুলো বাবা একদম পছন্দ করতেন না। বকওয়াস বলতেন।'
রণবীর বলেন (Ranbir Kapoor), 'বাবা বলতেন আমার বানানো সিনেমাগুলো একদম বকওয়াস। কারণ, আমি যেই সিনেমাগুলো করি তা সাধারণ মানুষের কাছে পৌঁছয় না।' তবে একইসঙ্গে রণবীর এও বলেন যে, আজ যদি তিনি বেঁচে থাকতেন তাহলে 'শামশেরা' করছি দেখে ভীষণই খুশি হতেন।
‘আমি প্রেগন্যান্ট নই, সইফ অনেক করেছে, আর নয়’! জল্পনায় জল ঢাললেন করিনা
জুনিয়র কাপুরের কাছে জানতে চাওয়া হয়, ঋষি কাপুর কি মৃত্যুর আগে জানতেন আপনি 'শামশেরা'-র মতো সিনেমায় অভিনয় করছেন? এই প্রশ্নের জবাবে রণবীর বলেন, 'এই সিনেমার ডিরেক্টর করণ মালহোত্রার সঙ্গে আমার বাবা 'অগ্নিপথ' করেছিলেন। ওরকম সিনেমায় অভিনয় করে ভীষণ খুশি হয়েছিলেন তিনি। কিন্তু তিনি দেখে যেতে পারেননি যে আমিও করণের সঙ্গে কাজ করছি। তাই এই ছবিতে অভিনয় করতে দেখে বাবা যেখানেই আছেন না কেন, ঠিক খুশি হবেন।'
উল্লেখ্য, এই 'শামশেরা'-র প্রচারে গিয়েই কিছুদিন আগে সঞ্জয় দত্তকে নিয়েও এমনই গল্প শুনিয়েছিলেন রণবীর (Ranbir Kapoor)। তিনি বলেছিলেন, “যখন বরফি করছি, তখন সঞ্জু স্যারের জিমে জেতাম আমি। একদিন সঞ্জু স্যার আমাকে বললেন, ‘তুই তো এখানে ২ বছর ধরে জিম করছিস, তাহলে তোর বডি কোথায়?’ তারপর আরেকদিন এসে আমাকে বললেন, ‘বরফির পরের সিনেমা কি মিষ্টি নাকি লাড্ডু?’
এরপর অবশ্য গোটা বিষয়টিই খোলসা করেন রণবীর। বলেন, 'সঞ্জয় দত্ত আসলে আমার কাছে ফাদার ফিগার। সব সময় পিছন থেকে সাহস জোগানো হোক, বা জীবনের যে কোনও প্রাপ্তিতে গর্ব করা, সবেতেই থাকেন তিনি। উনি সবসময়ই মেইনস্ট্রিম মশলাদার সিনেমা করার জন্য উৎসাহ দেন। এমন সিনেমা, যা অনেক বেশি দর্শক টানতে পারে’।