দ্য ওয়াল ব্যুরো: মা তাঁর অভিনয়ের বরাবরই ফ্যান। বলা ভালো সবচেয়ে বড় ফ্যান। কিন্তু বাবা কোনওদিনই তাঁর অভিনয়ের সেভাবে প্রশংসা করেন না। অন্তত ছেলের সামনে তো একেবারেই নয়। বরং বলেন, অনেক খামতি রয়ে গিয়েছে। আরও পরিশ্রম করতে হবে। কিন্তু এ বার সেই বাবারই মন জয় করলেন ছেলে। পুরো ছবি নয় শুধু ট্রেলরেই বাবা ঋষি কাপুরের মন জয় করলেন রণবীর।
সদ্যই মুক্তি পেয়েছে রণবীরের আসন্ন ছবি 'সঞ্জু'-র ট্রেলর। টিনসেল টাউনের অন্যতম রঙীন চরিত্র সঞ্জয় দত্তের বায়োপিকে সঞ্জু বাবার চরিত্রে অভিনয় করছেন রণবীর। সৌজন্যে পরিচালক রাজকুমার হিরানি।
চেনা ছক থেকে বেরিয়ে নিজেকে বারবার ভাঙেন রণবীর। রকস্টার এবং বরফির পর এ বার পর্দায় এক অন্যরকমের রণবীরকে দেখতে পাবেন দর্শকরা। এমনটাই আশা করছেন 'সঞ্জু'-র গোটা টিম। ইউটিউবে হু হু করে বাড়ছে ট্রেলরের ভিউ। ফিল্ম ক্রিটিক থেকে সাধারণ মানুষ সবাই প্রশংসা করছেন রণবীরের অভিনয়ের। তালিকায় রয়েছেন তাঁর মা-বাবাও।
তবে রণবীর জানিয়েছেন, সচরাচর বাবা তাঁর প্রশংসা করেন না। আর সামনাসামনি তো একেবারেই নয়। বরং সবসময় ঋষি নাকি রণবীরকে বলেন খামতি থেকে গিয়েছে। আরও পরিশ্রম করতে হবে। কিন্তু মা নীতু কাপুর বরাবরই তাঁর সবচেয়ে বড় ফ্যান। যাই করেন না কেন মা তাতেই খুশি। রণবীরের 'বম্বে ভেলভেট' দেখে নীতু নাকি বলেছিলেন, এটা রণবীরের সেরা ছবি। আর 'সঞ্জু'-র ট্রেলর দেখেও বেজায় খুশি তিনি। তবে এ বার মায়ের সঙ্গে বাবাও রয়েছেন। সঞ্জুর ট্রেলরে রণবীরের অভিনয় দেখে বেশ পছন্দ হয়েছে ঋষির। জানিয়েছেন, ছেলের অভিনয় তাঁর হৃদয় ছুঁয়েছে।