
Ranbir Kapoor, Aparna Sen
শেষ আপডেট: 17 March 2024 16:04
বলিউড তারকারা উচ্চবাজেটের নয় উচ্চমানের ছবি করার আশায় চিরকালই বাংলার পরিচালকদের সঙ্গে কাজ করেছেন। সত্যজিৎ রায়,মৃণাল সেন, গৌতম ঘোষ বা ঋতুপর্ণ ঘোষ, সবার ছবিতে একের পর এক বলিউড স্টার অভিনেতা অভিনেত্রী কাজ করেছেন। আঞ্চলিক ছবিতে কাজ করেই তাঁরা পেয়েছেন জাতীয় পুরস্কার সহ নানা সম্মান। অপর্ণা সেন বাংলার তেমনই একজন পরিচালক যাঁর ছবির অফার চট করে কেউ ফেরান না। এবার শোনা যাচ্ছে অপর্ণা সেনের ছবিতে অভিনয় করবেন ঋষি-নীতু কাপুর তনয় রণবীর কাপুর।
এবার কি অপর্ণার হাত ধরে তাহলে বাংলা ছবিতে অভিনয় করবেন রণবীর কাপুর? নিশ্চিত করে বলা যাচ্ছে না কিছুই। হতে পারে অপর্ণার হিন্দি ছবিতেও কাজ করতে পারেন রণবীর। ফোনে যোগাযোগ করা হলে এই ব্যাপারে নিরুত্তর থেকেছেন অপর্ণা সেন। তবে যা রটে তার কিছু তো ঘটেই। খবরটিতে এখনও সিলমোহর লাগানো যাচ্ছে না। কিন্তু কাপুর পরিবারের সঙ্গে অপর্ণার সম্পর্ক আজকের নয়, অনেকদিনের।
অপর্ণা সেন কেরিয়ারের শুরুতে বেশ কিছু হিন্দি ছবিতে নায়িকা হয়েছিলেন। ১৯৭৭ সালে রিলিজ করে 'ইমান ধরম'। অপর্ণা সেনের বিপরীতে এই ছবিতে শশী কাপুর ও অমিতাভ বচ্চন অভিনয় করেছিলেন। অপর্ণার বম্বে সফর হিটের মুখ দেখেনি। তাই বাংলায় প্রত্যাবর্তন করেন নায়িকা। তবে শশী কাপুরের সঙ্গে অপর্ণার বন্ধুত্ব রয়ে যায়। এছাড়াও 'মার্চেন্ট আইভরি প্রোডাকশান'এর 'গুরু' ছবিতে অভিনয় করেন অপর্ণা। যে প্রোডাকশান হাউসের সঙ্গে শশী কাপুরও ছিলেন। রণবীরের সম্পর্কে দাদু হন শশী কাপুর। ঋষি কাপুরের ছোট কাকা হলেন শশী কাপুর।
এরপর অপর্ণার পরিচালনায় আসাই বাস্তবায়িত হয়তো হতো না যদি না অপর্ণার প্রথম ছবি 'থার্টিসিক্স চৌরঙ্গী লেন' প্রযোজনা করতে শশী কাপুর এগিয়ে না আসতেন।
অপর্ণার প্রথম ছবি ইংরাজি ভাষায় হওয়াতে ডেবিউ পরিচালককে কোনও প্রযোজক লগ্নি করছিলেন না। এগিয়ে আসেন শশী কাপুর। ছবির মুখ্য চরিত্রে ছিলেন শশী কাপুরের স্ত্রী জেনিফার কেন্ডাল কাপুর। সঙ্গে ধৃতিমান চট্টোপাধ্যায় ও দেবশ্রী রায়। 'থার্টিসিক্স চৌরঙ্গী লেন' রিলিজ করতেই সাড়া পড়ে যায়।
এরপর ওয়াহিদা রেহমান, শাবানা আজমি, লিলেট দুবের মতো বলিউড তারকারাও অপর্ণার ছবিতে কাজ করেছেন বারবার। তাই রণবীর কাপুর নিজের কেরিয়ারে নতুন পালক যোগ করতে অপর্ণা সেনের ছবি করতেই পারেন। বর্তমানের জনপ্রিয় তারকা অপর্ণা সেনের ছবিতে কাজ করলে ছবির বক্সঅফিস ভ্যালু যে তুমুল বাড়বে সে তো বলাই বাহুল্য।
রণবীর কাপুর এবং কঙ্কনা সেন শর্মা জুটির হিট ছবি ছিল 'ওয়েক আপ সিড'। ২০০৯ সালে কিন্তু আরও একবার গুঞ্জন উঠেছিল অপর্ণার ছবিতে অভিনয় করবেন রণবীর। কঙ্কনা রণবীরের সঙ্গে কাজ করে এতটাই নাকি মুগ্ধ হয়েছিলেন, তিনিই মা অপর্ণা সেনকে তাঁর পরবর্তী ছবি 'গুলেল'-এর নায়ক করার সুপারিশ করেছিলেন। এই প্রজেক্টে সইফ আলি খান, অজয় দেবগন থেকে অভিষেক বচ্চন এবং রণবীর পর্যন্ত অসংখ্য কাস্ট পরিবর্তন হতে দেখা গেছে। আদৌ কখনও 'গুলেল' ছবি আর করা হয়ে ওঠেনি অপর্ণার। তবে আবার কী 'গুলেল' করার কথাই ভাবছেন অপর্ণা?
রণবীর কাপুর কার কার সঙ্গে অভিনয় করবেন অপর্ণার ছবিতে? ছবির গল্প কী? কোন ভাষাতে হবে ছবিটি? সেসব নিয়ে এখনও মুখ খোলেননি অপর্ণা।
হয়তো রণবীর কাপুরকে কলকাতায় একেবারে এনেই চমক দেবেন অপর্ণা সেন।