
শেষ আপডেট: 5 April 2023 09:59
দ্য ওয়াল ব্যুরো: বাহুবলীর বল্লালদেব ওরফে রাণা দাগ্গুবাতি (Rana Daggubati) দক্ষিণী ছবির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠেছেন গত কয়েক বছর ধরেই। বিশেষত বাহুবলীর পর থেকে সারা ভারত বল্লালদেব নামে এক ডাকে চেনে এই দক্ষিণী অভিনেতাকে। তবে, নিজের বাড়িকে (old house) রাতারাতি রেস্তোরাঁ (restaurant) বানিয়ে রাণা রীতিমতো চমকে দিয়েছেন সকলকে।
যে বাড়িতে ছোট থেকে প্রায় ২০ বছর কাটিয়েছেন এই অভিনেতা সেই বাড়িটি এখন ঝাঁ চকচকে একটি রেস্তোরাঁ। সম্প্রতি রাণার তুতো বোন আশ্রিতা দাগ্গুবাতি এই বাড়িটি ঘুরে দেখতে আসেন। পেশায় তিনি একজন ট্রাভেল ভ্লগার। দাদার সঙ্গে পুরনো বাড়ি ঘুরে দেখতে দেখতে স্মৃতি মেদুর হয়ে পড়েন তিনি। ইউটিউবে তাঁর নিজস্ব চ্যানেলে তিনি আপলোড করেছেন এই ভিডিওটি।
প্রসঙ্গত, আশ্রিতা অপর এক বর্ষীয়ান দক্ষিণী অভিনেতা ভেঙ্কটেশের মেয়ে। ছোটবেলা থেকেই রাণার সঙ্গে এই বাড়িতে কাটিয়েছেন একাধিক মুহূর্ত। রেস্তোরাঁয় বদলে যাওয়ার আগে সেই বাড়ির কোথায় কোন ঘর ছিল সবটাই রাণা এবং আশ্রিতা দেখিয়েছেন দর্শকদের।
রেস্তোরাঁর এখন যেখানে বার আছে সেখানে ছোটবেলায় পরিবারের সঙ্গে বসে সিনেমা দেখতেন, জানান রাণা। পাশাপাশি, ‘বল্লালদেব’-এর প্রিয় বারান্দাটিকে অপরিবর্তিত রাখা হয়েছে, সে কথা ভিডিওতে বলেন অভিনেতা। এরপর রেস্তোরাঁর পিৎজা কর্নারে গিয়ে সেখানকার নারকেল গাছ এবং তাল গাছগুলিকে দেখিয়ে অভিনেতার স্মৃতিমেদুর মন্তব্য, কত বড় হয়ে গিয়েছে গাছগুলি। এখানেই রাণার স্ত্রী মিহিকার সঙ্গে পিৎজা পার্টিতে যোগ দেন অভিনেতা এবং তাঁর বোন।
পাটুলিতেও দক্ষিণেশ্বরের আদলে স্থাপত্য, মুসলিম শিল্পীর হাতেই রূপ পাচ্ছে মা ভবতারিণীর মন্দির