ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার, মুম্বইয়ের একটি নামী হোটেলে। সেখানেই একাধিক সাংবাদিকের সামনে রামের একের পর এক ‘রসিকতা’ কার্যত সবাইকে স্তম্ভিত করে দেয়।

রাম কাপুর
শেষ আপডেট: 24 June 2025 14:13
দ্য ওয়াল ব্যুরো: যৌনতা ও গণধর্ষণ নিয়ে আপত্তিকর মন্তব্য করে বিপাকে অভিনেতা রাম কপূর। অভিনেতা ব্যস্ত ছিলেন তাঁর আসন্ন ওয়েব সিরিজ় ‘মিস্ট্রি’ নিয়ে। কিন্তু তাঁর মন্তব্য নাকি সিরিজ়ের কলাকুশলীদেরই অস্বস্তিতে ফেলেছে। তাই সমস্ত প্রচার সংক্রান্ত অনুষ্ঠান থেকে বাদ দেওয়া হয়েছে অভিনেতাকে।
ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার, মুম্বইয়ের একটি নামী হোটেলে। সেখানেই একাধিক সাংবাদিকের সামনে রামের একের পর এক ‘রসিকতা’ কার্যত সবাইকে স্তম্ভিত করে দেয়। এক সাক্ষাৎকারে তিনি বলেন—“এত কাজ করতে হচ্ছে, মনে হচ্ছে যেন গণধর্ষিত হচ্ছি!” উপস্থিত সাংবাদিক এবং কলাকুশলীরা এই মন্তব্যে রীতিমতো চমকে ওঠেন।
এখানেই শেষ নয়। যত দিন গড়িয়েছে, ততই অভিনেতা নাকি আরও আপত্তিকর মন্তব্য করতে শুরু করেন। শুধুই সাংবাদিকদের নয়, জনসংযোগ দল ও কলাকুশলীদের উদ্দেশেও নাকি কুমন্তব্য করেন তিনি। এক পুরুষ কর্মচারীকে উদ্দেশ্য করে বলেন, 'ওই দিন তোমার মা ঘুমিয়ে গেলেই পারতেন, কেন জন্ম দিলেন?' এ ছাড়াও নারী সহকর্মীদের পোশাক, শরীর এবং ব্যক্তিগত বিষয় নিয়েও আপত্তিকর মন্তব্য করতে থাকেন রাম, অভিযোগ এমনটাই।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক জনসংযোগ সদস্য জানিয়েছেন, “আমার সহকর্মী একটি ওয়ান-পিস পরেছিলেন। রাম বলেন, 'এই পোশাক পরে সামনে বসলে তো মন বসে না কাজে।' এরপর আমরা বুঝতে পারি, দিনের পর দিন এমন অনেক কথা বলে গিয়েছেন উনি।”
ঘটনার পরপরই বিষয়টি প্রোডাকশন হাউস ও স্ট্রিমিং প্ল্যাটফর্মে জানানো হয়। দ্রুত পদক্ষেপ করে রাম কপূরকে সিরিজ়ের বাকি প্রচার কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন সিরিজ়ের প্রচারে অংশ নিচ্ছেন কেবল মোনা সিং। যদিও রামের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনও বিবৃতি আসেনি। তবে স্ট্রিমিং প্ল্যাটফর্মের তরফে সাফ জানানো হয়েছে, কর্মক্ষেত্রে কোনওরকম অশালীন কথাবার্তা বরদাস্ত করা হবে না। প্রসঙ্গত, আগামী ২৭ জুন থেকে স্ট্রিমিং শুরু হবে 'মঙ্ক'-এর।