
শেষ আপডেট: 16 March 2024 16:15
দ্য ওয়াল ব্যুরো: দেশে ফিরলেই গ্রেফতার হবেন রাখি সাওয়ান্ত। সূত্রের খবর, এই মুহূর্তে দুবাইতে নাকি গা ঢাকা দিয়ে আছেন রাখি। দেশে ফেরামাত্রই গ্রেফতার করা হবে তাঁকে। রাখির বিরুদ্ধে একগুচ্ছ এফআইআর দায়ের হয়েছে।
সূত্রের খবর, রাখি সাওয়ান্তের বিরদ্ধে একাধিক ধারায় এফআইআর করেছেন তাঁর প্রাক্তন স্বামী আদিল খান দুরানি। রাখির অভিযোগের ভিচ্চিতে সম্প্রতি জেল খেটে বেরিয়েছেন আদিল। এখন নতুন জীবন শুরু করেছেন। চলতি মাসে ‘বিগ বস্ ১২’- এর প্রতিযোগী সোমি খানকে বিয়ে করেন তিনি। তার পরেও রাখির সঙ্গে ঝুটঝামেলা লেগেই আছে। আদিল রীতীমতো হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, রাখিকে তিনি এত সহজে ছেড়ে দেবেন না। তাঁর নামে একাধিক এফআইআর করেছেন তিনি। আদিলের দাবি, তাঁর ভয়েই রাখি দেশছাড়া। দুবাইতে গিয়ে লুকিয়ে রয়েছেন। কিন্তু পুলিশ খুঁজছে তাঁকে। রাখি দেশে পা দিলেই তাঁকে গ্রেফতার করা হবে।
গত বছর চুপিচুপি আদিল খান দুরানিকে বিয়ে করেন রাখি। বিয়ের খবর প্রকাশ্যে আসার দিনকয়েক পর থেকেই ঝামেলা অশান্তি শুরু। আদিলের বিরুদ্ধে চুরি, বিশ্বাসভঙ্গ, প্রতারণা-সহ একাধিক অভিযোগ এনেছিলেন রাখি। সেই অভিযোগের ভিত্তিতে আদিলকে গ্রেফতারও করে পুলিশ। গত জুলাই মাসে জেল থেকে ছাড়া পান আদিল। জেল থেকে বেরাতেই রাখির বিভিন্ন অভিযোগের বিতর্কিত জবাব দেন আদিল। যার মধ্যে অন্যতম ছিল রাখির সন্তান নষ্টের অভিযোগ।
আদিলের দাবি, স্বামী-স্ত্রী থাকার সময় ঘনিষ্ঠ মুহূর্তের একাধিক ভিডিও ফাঁস করেছিলেন রাখি। সেইসব ভিডিও নাকি ভাইরালও করেছিলেন তিনি। তাছাড়া প্রতারণা-সহ রাখির বিরুদ্ধে আরও নানা ধারায় মামলা দায়ের করেছেন তাঁর প্রাক্তন স্বামী আদিল খান দুরানি। তাঁর দাবি, রাখি দেশে ফিরলেই তাঁকে গ্রেফতার করবে পুলিশ। অম্বোলী থানায় এফআইআর দায়ের করেছেন তিনি।
বিতর্ক তাঁর পিছু ছাড়ে না। এর আগে অভিনেত্রী শার্লিন চোপড়ার সঙ্গে বিবাদ চরমে উঠেছিল। সেই নিয়েও মামলা-মোকদ্দমা হয়। এর আগে আলোকচিত্রীদের সামনে হাপুস নয়নে কাঁদতে কাঁদতে আদিলের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন অভিনেত্রী। তাঁর দাবি ছিল, আদিল তাঁকে রীতিমতো মারধর করতেন। রাখি নিজের মায়ের মৃত্যুর জন্য দায়ী করেছেন আদিলকেই। তিনি জানান, মায়ের অস্ত্রোপচারের জন্য সঠিক সময়ে টাকা দেননি আদিল। সেই কারণেই মাকে হারিয়েছেন তিনি। আট মাসে নাকি তিনটে বিবাহ-বর্হিভূত সম্পর্কে জড়িয়েছেন তাঁর স্বামী।