
শেষ আপডেট: 7 November 2023 22:31
দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহখানেক আগে মুক্তি পেয়েছে বিধু বিনোদ চোপড়া পরিচালিত 'টুয়েলভথ ফেল'। সেখানে প্রধান চরিত্রে বিক্রান্ত ম্যাসের অভিনয় সবার নজর কেড়েছে। এই অভিনেতা আগে ‘মির্জাপুর’-এর মতো ওয়েব সিরিজে কাজ করে নজর কাড়লেও নতুন ছবি যেন তাঁকে বলিউডে প্রতিষ্ঠিত করল। আর এরপরই বড় প্রোজেক্টের অফার গেল অভিনেতার কাছে। সূত্রের খবর, রাজকুমার হিরানির প্রথম ওটিটি প্রোজেক্টেই কাজ করছেন তিনি।
বলিউডের খ্যাতনামা পরিচালক রাজু হিরানি বরাবর সুপারস্টারদের নিয়ে কাজ করলেও তাঁর ছবিতে নতুন অভিনেতা-অভিনেত্রীরাও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকেন। ‘পিকে’-তে সুশান্ত সিং রাজপুত হোক বা ‘সঞ্জু’-তে ভিকি কৌশল এর জলজ্যান্ত উদাহরণ। ‘ডানকি’র মুক্তির পরই তাঁর পরবর্তী কাজ শুরু করতে চলেছেন পরিচালক। ওটিটিতে পা রাখছেন তিনি। তবে এবার প্রযোজক হিসাবে। আর সেখানেই অভিনয় করবেন বিক্রান্ত ম্যাসে।
দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল রাজকুমার হিরানি বড়পর্দার পর ওটিটিতেও কাজ করবেন। তবে ‘ডানকি’র কাজ নিয়ে বিগত কয়েক বছর বেশ ব্যস্ততায় কেটেছে তাঁর। তাই সেই ছবির কাজ মিটিয়েই নতুন কাজ শুরু করে ফেলবেন তিনি। এমনিতে এক এক একটি ছবি পরিচালনার মাঝে বেশ কয়েকবছরের বিরতি নেন তিনি। তবে প্রযোজক হিসাবে অত সময় নেওয়ার প্রয়োজন পড়ে না। তাই ভাল প্রোজেক্ট তাঁর হাতে আসতেই শুরু করে দিয়েছেন তার কাজ।
তবে রাজু হিরানির প্রথম ওটিটি প্রোজেক্ট সিনেমা নাকি সিরিজ হবে, তা এখনও জানা যায়নি। তবে বিক্রান্ত যে তাতে প্রধান চরিত্রে অভিনয় করবেন, তা পরিষ্কার। উল্লেখ্য, বলিউডে রাজু হিরানির গুরু যদি কেউ থেকে থাকেন, তিনি বিধু বিনোদ চোপড়া। তাঁর হাত ধরেই উত্থান হিরানির। এদিকে বিক্রান্ত সেই বিধু বিনোদের ছবিতেই শেষ কাজ করেছেন। এখন দেখার, গুরুর পর শিষ্যের সঙ্গে কাজ করে কেমন ম্যাজিক দেখান বিক্রান্ত।