
শেষ আপডেট: 9 January 2021 05:36
এমন কিছু নয়, মাত্র কয়েকটা ছবি তুলেছিলেন তিনি বন্ধু রাজীবকে জড়িয়ে ধরে! রাজীব সোশ্যাল মিডিয়াতে ছবিটি পোস্ট করেন আর ক্যাপশনে লেখেন, 'মাই গার্ল', ব্যাস তক্ষুনি তুষে আগুন লাগার মতো জ্বলে ওঠে নেটদুনিয়া! এতেই তৈরি হয় বির্তক। নেটিজেনদের মধ্যে অনেকেই প্রশ্ন তুলেছেন, রিয়া কি তাহলে ভুলে গেলেন সুশান্তকে? আবার কেউ কেউ কটাক্ষ করে বলেছেন এখনও সুশান্তের মৃত্যু রহস্য ভেদ হল না, আর এখনই রিয়া নতুন জীবনের পথে হাঁটছেন!
যদিও রাজীব বিচক্ষণ লোক, তাই ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই তাঁর মনে হয় এই ছবি তাঁদের দুজনকেই বিপদে ফেলতে পারে! তাই তৎক্ষণাৎ সেই ঘনিষ্ঠ ছবি ডিলিট করে দেন নিজের অ্যাকাউন্ট থেকে, সেই সঙ্গে নিজের হয়ে সাফাইও দেন যে তিনি ক্যাপশনে ঠিক শব্দ বসাননি! আসলে রিয়া তাঁর বহু দিনের বন্ধু, তিনি সবসময় রিয়ার ভাল চান। যদিও এই কথায় চিঁড়ে ভেজেনি, তার আগেই বিদ্যুতের গতিতে ওই ছবির স্ক্রিনশট ভাইরাল হয় নেটপাড়াতে।
আসলে ভিজে অনুশা দান্ডেকরের জন্মদিনের ঘরোয়া পার্টিতেই দেখা হয় রিয়া ও রাজীবের। পার্টিতে হই হুল্লোড়ের সঙ্গে চলে ছবি তোলাও! যদিও রাজীবের স্ত্রীর প্রোফাইলে এখনও রয়েছে তাঁদের সকলের গ্রুপ ছবি। কিন্তু সুশান্তের অনুরাগীরা বেজায় খেপে রয়েছেন রিয়ার ওপরে, সোশ্যাল মিডিয়াতেই উগড়ে দিচ্ছেন ক্ষোভ।