
শেষ আপডেট: 1 November 2023 23:51
দ্য ওয়াল ব্যুরো: ভারতবর্ষে সিনেমা এবং ক্রিকেট যেন দু'টো ধর্ম। আর যারা এই সিনেমায় অভিনয় করেন বা ক্রিকেট খেলেন, তাঁদেরকে রীতিমতো ভগবানের চোখে দেখেন ভক্তরা।
তাঁদের পাগলামি কখনও কখনও উঠে আসে খবরের শিরোনামেও। এবার তেমনই এক ঘটনা ঘটালেন দক্ষিণী তারকা রজনীকান্তের এক ভক্ত। মাদুরাইয়ের বাসিন্দা ওই রজনী-ভক্ত নিজের বাড়িতে 'থালাইভা'কে উৎসর্গ করে একটি মন্দির বানিয়েছেন। সেখানে রয়েছে রজনীর মূর্তিও।
ওই ব্যক্তির নাম কার্তিক। তাঁর কথায়, "আমাদের জন্য, রজনীকান্ত ঈশ্বর। তাই তাঁকে শ্রদ্ধা জানিয়ে আমি এই মন্দির তৈরি করেছি।" নিজের বাড়ির উঠোনে তিনি এই মন্দিরটি তৈরি করেছেন। সঙ্গে রজনীকান্তের যে মূর্তিটি তিনি বসিয়েছেন, তার ওজন ২৫০ কেজি। শুধু কার্তিক একা নন, তাঁর মেয়ে অনুসূয়া রজনীকান্তের অনুরাগী। তাঁরা বলেছেন, "মন্দিরে যেমন দেবতার পুজো হয়, আমাদের বাড়ির এই মন্দিরে ঠিক একইভাবে রজনীকান্তের পুজো হচ্ছে।"
উল্লেখ্য, এর আগেও রজনীকান্তকে উৎসর্গ করে মন্দির বানিয়ে খবরে এসেছিলেন তামিলনাড়ুরই এক বাসিন্দা। তারকাদের নিয়ে ভক্তদের এমন 'পাগলামি'র অজস্র উদাহরণ রয়েছে। বলিউডের বাদশা শাহরুখ খানের সঙ্গেও ঘটেছিল এক হাস্যকর ঘটনা। মুম্বইয়ে তাঁর বাংলোর সুইমিংপুলে এক ভক্ত নেমে পড়েছিলেন স্নান করবেন বলে।
শাহরুখকে দেখার স্বপ্ন ছিল না ওই ব্যক্তির। তিনি শুধু চেয়েছিলেন, অভিনেতা যে সুইমিংপুলে স্নান করেন, সেখানে নামতে। আসলে খালি চোখে এগুলো হাস্যকর ঘটনা মনে হলেও, আসলে সবই ভক্তদের ভালবাসা। আর এই ভালবাসায় ভর করেই বছরের পর বছর ধরে সাফল্যের শীর্ষে থেকে যাচ্ছেন তাঁদের 'ভগবান'সম অভিনেতারা।