
কেন কানাকড়িও পেলেন না ডিম্পল?
শেষ আপডেট: 18 March 2025 14:56
দ্য ওয়াল ব্যুরো: বয়স তখন মাত্র ১৬ বছর। সুপারস্টার রাজেশ খান্নার প্রেমে পড়েছিলেন ডিম্পল কাপাডিয়া। প্রেম বিয়েতে গড়াতে খুব একটা বেশি সময় লাগেনি। ১৬ বছরের বড় রাজেশের সঙ্গেই সংসার শুরু করেন ডিম্পল। কেরিয়ারে তাঁর কাছে প্রাধান্য পায়নি সে সময়। সুপারস্টার স্বামীর মোহে তিনি ছিলেন আসক্ত। কিন্তু মোহ কাটতে বেশি সময় লাগেনি। বিয়ের পরপরই সম্পর্কে অবনতি ঘটতে থাকে তাঁদের। শুরু হয় অশান্তি।
সে সময় 'বিচ্ছেদ' এত সহজ ছিল না। এর মধ্যে আবার অন্তঃসত্ত্বাও হয়ে পড়েন ডিম্পল। দুই সন্তানের জন্মও দেন। তাই অশান্তি সত্ত্বেও ছিলেন একসঙ্গে। অবশেষে ১৯৮২ সালে দুই সন্তানকে নিয়ে রাজেশের সংসার ছেড়ে বেরিয়ে আসেন অভিনেত্রী। না, অফিসিয়াল ডিভোর্স কোনও কালেই হয়নি তাঁদের। আলাদা থাকতে শুরু করেন তাঁরা।
২০১১ সালে আচমকাই রাজেশ খান্নার শরীর খারাপ হতে শুরু করে। ক্যানসারে আক্রান্ত হন তিনি। সুপারস্টার বোধহয় বুঝেই গিয়েছিলেন হাতে আর বেশি সময় নেই। তাই মৃত্যুর ঠিক এক মাস আগেই উইলে বড়সড় বদল আনেন তিনি। তাঁর মৃত্যুর পর রাজেশের উইলের ছবি এসেছিল প্রকাশ্যে।
সেখানেই দেখা যায়, স্ত্রী ডিম্পল কাপাডিয়ার জন্য কানাকড়িও রেখে যাননি তিনি। এদিকে প্রায় ৬০০ কোটির মালিক ছিলেন রাজেশ খান্না। স্ত্রী নয় তবে কার নামে ওই বিপুল সম্পত্তি রেখে গিয়েছিলেন তিনি? নায়কের সব সম্পত্তি পায় টুইঙ্কল ও রিঙ্কি-- তাঁদের দুই মেয়ে। মেয়েদের সঙ্গে আজীবন সুসম্পর্কই ছিল রাজেশ খান্নার।
টুইস্টের এখানেই শেষ নয়। রাজেশ খান্নার সঙ্গে যখন ডিম্পলের অশান্তি চরমে তখন তাঁর জীবনে প্রবেশ করেন অনিতা আদবানী, রাজেশের লিভ-ইন সঙ্গী। ডিম্পল কোনও কালেই রাজেশকে ডিভোর্স দিতে চাননি। সেই কারণেই কোনওদিন বিয়ে করতে পারেননি রাজেশ ও অনীতা। মৃত্যুর পর অভিনেতার সম্পত্তি দাবি করেন তিনিও।

অনীতার সঙ্গে রাজেশ
তাঁর যুক্তি ছিল, রাজেশ যখন একা ছিলেন তখন তাঁকে সব ধরনের সহযোগিতা করেছেন অনীতা। নিজেকে রাজেশের 'সারোগেট স্ত্রী' হিসেবে দাবি করতেন অনীতা, পালন করতেন করওয়া চৌথ। যদিও আইন মেনে সম্পত্তির ভাগ তিনি পাননি।
কেন বিয়ের পরেই সম্পর্ক নষ্ট হতে থাকে ডিম্পল ও রাজেশের? রাজেশ যখন ডিম্পলকে বিয়ে করেন সে সময় তিনি সুপারস্টার। তবে বিয়ের পর থেকেই জনপ্রিয়তা কমতে শুরু করে তাঁর। ফিকে হতে শুরু করে স্টারডম। হতাশায় ডুবে যেতে থাকেন রাজেশ। হতাশার বহিঃপ্রকাশ করতে থাকেন স্ত্রীর উপর। এক পর্যায়ে গোটা বিষয়টিই অসহনীয় হয়ে পড়ে ডিম্পলের। দুই মেয়েকে নিয়ে রাজেশের সংসার ছেড়ে চলে আসেন তিনি।