
ফাইল চিত্র
শেষ আপডেট: 7 November 2024 13:27
দ্য ওয়াল ব্যুরো: টাকা না পেলে সলমন খানকে খুনের হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ। এবার কর্নাটকের হাভেরি থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। তাঁর নাম ভিখারাম বিষ্ণোই। তিনি রাজস্থানের বাসিন্দা। কর্মসূত্রে কর্নাটকে থাকতেন। জানা গিয়েছে, মুম্বইয়ের ট্রাফিক পুলিশের হোয়াটস অ্যাপ নম্বরে একটি হুমকি-মেসেজ এসেছিল। সেখানে দাবি করা হয়েছিল, ৫ কোটি টাকা না দিলে সলমনকে খুন করা হবে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ফোনটি করেছিলেন অভিযুক্ত ভিখারাম বিষ্ণোই। কর্নাটক থেকেই গ্রেফতার করা হয়েছে এই ঝালাইকর্মীকে। ভিখারাম আদতে রাজস্থানের বাসিন্দা। একটি সূত্রের দাবি, মাস দেড়েক আগে শ্রমিকের কাজ করতে হাভেরি এসেছিলেন। সেখানে তিনি কয়েকজন শ্রমিকের সঙ্গেই থাকতেন।
এই খবর পাওয়া মাত্রই সেখান থেকেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। প্রথমে গোপন সূত্রে খবর পায় মুম্বই পুলিশের সন্ত্রাসদমন শাখা। সঙ্গে সঙ্গে কর্নাটক পুলিশের সঙ্গে যোগাযোগ করে তারা। তারপরে চালানো হয় তল্লাশি। অবশেষে মুম্বই পুলিশের এটিএসের হাতে তুলে দেওয়া হয় তাঁকে।
জানা গিয়েছে, ফোনের লোকেশন ট্র্যাক করে জানা যায় হুমকি এসেছে কর্নাটক থেকে। সেখানেই তদন্ত করতে আসে মুম্বই পুলিশ। মুম্বই পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে অভিযুক্তকে বাণিজ্য নগরীর ওরলি থানায় নিয়ে যাওয়া হবে। সেখানেই চলবে জিজ্ঞাসাবাদ। তবে বিখারাম বিশ্নোই গ্যাংয়ের সঙ্গে জড়িত কি না, তা এখনও স্পষ্ট নয়।
সূত্রের খবর, গত সোমবারই প্রাণনাশের হুমকি পান সলমন খান। এর আগেও কয়েকবার হুমকি এসেছে। তিন সপ্তাহের মধ্যে ৩ বার মৃত্যুর হুমকি পেয়েছেন অভিনেতা। মুম্বইয়ের ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুমে এই হুমকি বার্তা আসে। সেখানে 5 কোটি টাকার দাবি করা হয়। এমনকি ফোনে এটাও বলা হয়, সেই টাকা না-দিলে তাঁকে প্রাণে মেরে ফেলা হবে।
এর আগে মুম্বই ট্র্যাফিক পুলিশের কাছে হোয়াট্সঅ্যাপে হুমকি বার্তা আসে গ্যাংস্টার লরেন্সের ভাই আনমোল বিশ্নোইয়ের নাম করে। বলা হয়, যদি প্রাণে বাঁচতে চান, ক্ষমা চান, না হলে পাঁচ কোটি টাকা দিতে হবে। তবে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং-এর তরফ থেকে জানানো হয়েছে, তারা এই বিষয়টি টাকা দিয়ে মেটাতে চায় না।