রাজ কুমার ছিলেন ভীষণ ঠোঁটকাটা। তাঁর স্পষ্ট কথার জন্য তাঁকে অনেকে অপছন্দও করত। এমনকি এই স্বভাবের কারণে তাঁর হাতে ছবির সংখ্যা কমে যায়। কারুর মন রেখে চলা তাঁর স্বভাবে ছিল না।

শেষ আপডেট: 3 July 2025 13:26
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের (Bollywood) জনপ্রিয় নায়ক ছিলেন রাজ কুমার (Raj Kumar)। তাঁর স্টাইল, গ্ল্যামার, আভিজাত্য নিয়ে চিরকাল সারা দেশে চর্চা ছিল তুঙ্গে। তথাকথিত রোম্যান্টিক হিরো তিনি ছিলেন না। গম্ভীর পৌরুষে আবেদনের খেলা, যা ছিল রাজ কুমারের চেহারার ট্রেডমার্ক। বাকি নায়কদের থেকে স্টাইল স্টেটমেন্টে তিনি অনেক বেশি এগিয়েছিলেন।
আসল নাম ছিল কুলভূষণ পণ্ডিত। বেলুচিস্তানের কাশ্মীরী পরিবার ছিল তাঁদের। সেই পশ্চিমী সৌন্দর্য তাঁর চেহারায় চিরকাল ছিল। ১৯৪০ সালে তিনি বম্বে চলে আসেন। এরপর পুলিশের সাব ইন্সপেক্টর পদে যোগ দেন তিনি। কিন্তু তাঁর চেহারা দেখে সহকর্মীরা তাঁকে ফিল্ম লাইনে যেতে উদ্বুদ্ধ করেন। শেষমেশ
পুলিশের চাকরি ছেড়ে রাজ সিনেমায় চলে আসেন।
১৯৫২ সাল ‘রঙ্গিলি’ ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন রাজ কুমার।

তাঁর গলার একটা অদ্ভুত টোন ছিল, যা আর পাঁচজন থেকে তাঁকে আলাদা করত। অনেক আবার মনে করতেন তিনি অহঙ্কারী। তবে রাজ কুমার ছিলেন ভীষণ ঠোঁটকাটা। তাঁর স্পষ্ট কথার জন্য তাঁকে অনেকে অপছন্দও করত। এমনকি এই স্বভাবের কারণে তাঁর হাতে ছবির সংখ্যা কমে যায়। কারুর মন রেখে চলা তাঁর স্বভাবে ছিল না।
রাজ কুমার কিন্তু পুরুষ হয়েও হাতে গলায় অলঙ্কার পরা পছন্দ করতেন। কিন্তু কখনও তা অত্যাধিক ছিল না। এই গয়নার কথা তুলে বাপ্পি লাহিড়ীকে (Bappi Lahiri) নিয়ে একবার মজা করেছিলেন রাজ কুমার।
একবার দু'জনেই তাঁরা একসঙ্গে প্লেনে করে যাচ্ছিলেন। বাপ্পি লাহিড়ী আগেই গয়না পরে প্লেনে উঠে বসেছিলেন। তারপরে ওঠেন রাজ কুমার। বাপ্পির পাশে বসার জায়গা ফাঁকা দেখে রাজ কুমার সেখানেই বসে যান।

অনেকক্ষণ ধরে বাপ্পি লাহিড়ীর সোনায় মোড়া সারা গা খেয়াল করতে থাকেন রাজ। সেদিন বাপ্পির গলায় পরা ছিল অজস্র সোনার হার। বাপ্পি রাজ কুমারকে শ্রদ্ধাও করতেন। কিন্তু ঠোঁটকাটা রাজ কুমার বাপ্পিকে সেই মুখের ওপর আলটপকা কথা বলে বসলেন।
রাজ কুমার বাপ্পি লাহিড়ীকে বলেছিলেন 'এত সোনার হার পরেছ কিন্তু কোথায় তোমার মঙ্গলসূত্র?' যা শুনে বেশ চমকে যান বাপ্পি। রাজ কুমার রীতিমত বাপ্পির গয়না পরা নিয়ে বিদ্রুপ করেছিলেন। যেন মহিলারাই শুধু এত গয়নার পরার অধিকারী। কিন্তু রাজ কুমারের এ হেন ব্যবহারে বাপ্পি তাঁকে পাল্টা আক্রমণ করেননি। বরং হাসির ছলে মজা করে উড়িয়ে দিয়েছিলেন বাপ্পি।
রাজ কুমারের কথা ভেবে বাপ্পি পরে খুব হাসতেন। এই ঘটনার কথা পরবর্তীকালে বাপ্পি লাহিড়ী দিলীপ কুমার আর সায়রা বানুকেও বলেছিলেন।