
শেষ আপডেট: 30 June 2023 16:56
দ্য ওয়াল ব্যুরো: ২০১৩ সালে সিনেমাহলে মুক্তি পেয়েছিল ‘প্রলয়’। গোবরডাঙার সুটিয়া গ্রামের প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস খুনের ঘটনাকে নিয়ে কিছু সত্যি এবং কিছু কাল্পনিক ঘটনার মিশেলে ছবিটি তৈরি করেছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। গল্পে প্রধান যে সমস্যাটি তুলে ধরা হয়েছিল, তা হল নির্বিচারে নারী ধর্ষণ। আর এবার তিনি দর্শকদের জন্য নিয়ে এলেন ‘আবার প্রলয়’, তবে এবার ওয়েব সিরিজে। নিজের পরিচালনায় প্রথম ওয়েব সিরিজে তিনি যে ঘটনাকে কেন্দ্র করে গল্প সাজিয়েছেন, তা হল নারী পাচার। শুক্রবার সন্ধেয় মুক্তি পেল সেই সিরিজের টিজার। আর দু’মিনিটের সেই টিজারে একেবারে ঝড় তুললেন অনিমেষ দত্ত রূপী শাশ্বত চট্টোপাধ্যায়।
এবারের গল্পের প্লট সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম, যেখান থেকে প্রায় প্রতিদিনই একের পর এক নাবালিকা নিখোঁজ হয়ে যাচ্ছে। আসলে এদেরকে স্থানীয় ছেলেরা প্রেমের ফাঁদে ফেলে পাচার করে দিচ্ছে দেশে-বিদেশে। সেই টিজারের শুরুতেই নেপথ্যে শোনা গেল একটি কথা। যেখানে বলা হয়েছে, ‘নারী পাচার- বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সংগঠিত অপরাধ’। আর সুন্দরবনের সেই গ্রামে নারী পাচার রুখতে এবং মূল মাথাকে ধরতেই আগমন হয় স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চ অফিসার অনিমেষ দত্তের। ‘প্রলয়’ ছবিতেও এই একই চরিত্রে দেখা গিয়েছিল শাশ্বতকে। সেখানেও টুকটাক অ্যাকশন করেছেন তিনি। আর এবার তাঁকে দেখা যাবে আরও জাঁদরেল পুলিশ রূপে। যেখানে ধুমধাড়াক্কা মারপিট করবেন তিনি দুষ্কৃতীদের সঙ্গে।
তবে শাশ্বত একা নন, ওয়েব সিরিজে দেখা যাবে আরও একটি পুরনো মুখকে। তিনি পরাণ বন্দ্যোপাধ্যায়। ‘প্রলয়’-এ তাঁর অভিনীত চরিত্রটি বেশ প্রশংসিত হয়েছিল। ঘাড়ে মোচর দিয়ে অপরাধীদের খুন করার দৃশ্যগুলি আজও মনে রেখেছেন দর্শকরা। ‘আবার প্রলয়’-এও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন তিনি। তবে টিজারে সে বিষয়ে বিস্তারিত কিছুই তুলে ধরা হয়নি। এছাড়াও আছেন ঋত্বিক চক্রবর্তী। তাঁর সাজপোশাক দেখে মনে হতে পারে তিনি এলাকার কোনও ধর্মগুরু। তবে তিনিই ধর্মপ্রচারের আড়ালে নারী পাচারের ব্যবসা করেন বলে টিজার দেখে ধারণা করা হচ্ছে।
এছাড়াও সিরিজে আছেন সোহিনী সেনগুপ্ত, গৌরব চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায়, লোকনাথ দে, দেবাশিস মণ্ডলরা। গল্প লিখেছেন রাজ চক্রবর্তী এবং পদ্মনাভ দাশগুপ্ত। এই জুটি এর আগেও টলিউডকে একের পর এক দুর্দান্ত ছবি উপহার দিয়েছেন। তাই প্রথমবার ওয়েব সিরিজেও তাঁদের নিয়ে প্রত্যাশা বাড়ছে দর্শকদের। টিজার প্রকাশ হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় উন্মাদনা তৈরি হয়েছে ‘আবার প্রলয়’ নিয়ে। উল্লেখ্য, রাজ চক্রবর্তী এন্টারটেইনমেন্টের ব্যানারে এই সিরিজের মাধ্যমেই প্রযোজনায় হাতেখড়ি হল অভিনেত্রী তথা রাজের স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়েরও। জি ফাইভে খুব শীঘ্রই মুক্তি পাবে সিরিজটি।
বাংলা ছবিতে প্রথমবার আসছে ম্যাকবেথ, ‘মায়া’ মুক্তি জুলাইয়ের প্রথম সপ্তাহেই