
শেষ আপডেট: 22 September 2023 07:57
দ্য ওয়াল ব্যুরো: হাতে বাকি আর মাত্র ২৪ ঘণ্টা। তারপরেই চলতি বছরে বি-টাউনের সবচেয়ে আলোচিত বিয়ের অনুষ্ঠান প্রত্যক্ষ করবেন সকলে। রাঘব-পরিণীতির (Raghav Parineeti wedding) চার হাত এক হতে শুধু রাত পেরোনোর অপেক্ষা। যদিও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মেহেন্দি থেকে সঙ্গীত নানা ধরনের অনুষ্ঠান। মঙ্গলবার থেকেই দিল্লিতে রাঘবের বাড়িতে দুই পরিবার মিলে শুরু হয়েছে সমস্ত আচার অনুষ্ঠান। বুধবার সন্ধ্যায় ছিল সঙ্গীত। সেখানে সুফি নাইটের আয়োজন করা হয়েছিল।
টিনসেল টাউনের হাই প্রোফাইল বিয়ে যে তাঁদের শহরে হচ্ছে এ নিয়ে উচ্ছ্বসিত উদয়পুরবাসীও। বিমানবন্দর থেকে রাঘব-পরিণীতির গন্তব্যে পৌঁছানোর গোটা রাস্তায় দেখা যায় বিশাল বড় হোর্ডিং। কোনওটিতে লেখা 'অভিনন্দন', আবার কোনওটিতে স্বাগত জানানো হয়েছে পরিণীতি এবং রাঘবকে। এদিন পরিণীতিকে দেখা যায় লাল রঙের জাম্পস্যুটে, রাঘব পরেছিলেন কালো টি-শার্ট। হোর্ডিংগুলি দেখে লজ্জায় রাঙা 'পরি', আশেপাশের মানুষকে 'থ্যাঙ্কইউ' বলতেও শোনা গেল হবু কনেকে। উদয়পুরের তাজ লেক প্যালেস এবং লীলা প্যালেসে বসবে বিয়ের আসর।
জানা গেছে, উদয়পুরের তাজ লেক প্যালেসে থাকবেন আপ নেতা রাঘব চাড্ডার পরিবারের আত্মীয়স্বজন অর্থাৎ বরযাত্রী, লীলা প্যালেসে থাকবেন হবু কনে পরিণীতি সহ কনেপক্ষের আত্মীয় এবং নিমন্ত্রিতরা। ২৩ সেপ্টেম্বর সকালে পরিণীতির চূড়া অনুষ্ঠান হবে লীলা প্যালেসে। লীলা প্যালেসের যে স্যুইটে পরিণীতি এবং তাঁর পরিবারের থাকার ব্যবস্থা করা হয়েছে সেটি সম্পূর্ণ ভাবে কাচ দিয়ে তৈরি করা। স্যুইটের এক রাতের ভাড়া ভারতীয় মুদ্রায় ১২ লক্ষ টাকা। জানা গেছে, অতিথিদের জন্য প্রায় ৮টি স্যুইট এবং ৮০টি ঘর ভাড়া নেওয়া হয়েছে। হোটেলের পক্ষ থেকে নানারকম নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এই বিয়ের অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য।
পরিণীতিকে তাজ লেক প্যালেস থেকে লীলা প্যালেসে নৌকায় আনতে যাবেন রাঘব এবং অন্যান্য বরযাত্রীরা। অন্যান্য অতিথিদের যাওয়া আসার জন্য অবশ্য ৫০টি গাড়ির ব্যবস্থা করা হয়েছে। পরিণীতি-রাঘবের বিয়েতে এখনও এসে পৌঁছাননি পাত্রীর দিদি প্রিয়াঙ্কা চোপড়া। জানা গেছে, শনিবার অর্থাৎ ২৩ সেপ্টেম্বর মেয়ে মালতীকে নিয়ে বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন প্রিয়াঙ্কা। সম্ভবত, নিক জোনাস এই বিয়েতে আসতে পারছেন না। প্রিয়াঙ্কা এখনও পর্যন্ত না এলেও অভিনেত্রীর মা মধু চোপড়া এবং ভাই সিদ্ধার্থকে ইতিমধ্যেই দিল্লিতে সুফি নাইটে দেখা গেছে যোগ দিতে। সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ক্রিকেটার হরভজন সিংও।
২৪ সেপ্টেম্বর রাঘবের 'সেহরাবন্দি' অনুষ্ঠানের পরই লীলা প্যালেসে কনেকে আনতে যাবেন রাঘব। সেখানেই মালাবদলের পর আয়োজন করা হবে বিদায়ী অনুষ্ঠানের। এরপর ওই একই দিন সন্ধ্যায় থাকছে জমকালো পার্টি। সেখানে বলিউড এবং রাজনীতির জগতের তাবড় ব্যক্তিত্বরা উপস্থিত হতে চলেছেন।
রাঘব-পরিণীতির বিয়েতে এই ডিজাইনারের পোশাকে সেজে উঠতে চলেছেন পাত্র-পাত্রী