'দ্য ব্যাডস অফ বলিউড' সিরিজে অভিনয়ে প্রশংসিত রাঘব জুয়াল। মুম্বইয়ে শুরুর স্ট্রাগলের দিনগুলো কেমনভাবে কাটিয়েছিলেন, সেটাই জানালেন।

রাঘব জুয়াল
শেষ আপডেট: 18 October 2025 16:58
দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ পুত্র আরিয়ান খান পরিচালিত প্রথম ওয়েব সিরিজ 'দ্য ব্যাডস অফ বলিউড' মুক্তির পর থেকেই প্রশংসিত হয়েছে। আর এই সিরিজের একটি গুরুত্বপূর্ণ চরিত্রের হাত ধরেই নতুন করে চর্চায় উঠে এসেছেন সঞ্চালক, অভিনেতা এবং নৃত্যশিল্পী রাঘব জুয়াল। সিরিজের তাঁর অভিনয় বেশ নজর কেড়েছে।
অভিনয় জীবনে রাঘবের বয়স খুব বেশি দিনের না হলেও, বলিউডে তাঁর জার্নি বহু পুরনো। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাঘব মুম্বইয়ে তাঁর প্রথম দিকের স্ট্রাগল এবং জীবন যাপনের কথা তুলে ধরেছেন, যা শুনে অনেকেই অবাক হয়েছেন।
ফ্রিজ ছিল অন্তর্বাস রাখার 'আলমারি'!
মুম্বইয়ে যখন রাঘব জুয়াল পা রাখেন, তখন তাঁর সম্বল ছিল কেবল কয়েকটি জামাকাপড়। সেই কঠিন দিনগুলোর কথা মনে করে রাঘব বলেন, "যখন মুম্বইয়ে এসেছিলাম, আমার কাছে কিছুই ছিল না। তবে শুরুর সময়টা আমি ভীষণ উপভোগ করেছি। কখনও হতাশ হইনি বা ভাবিনি আমার কাছে কিছুই নেই।"
রাঘব জানান, ওই সময় তাঁকে বন্ধুদের সঙ্গে একটি ঘরে থাকতে হতো। ঘরে একটি পুরনো ফ্রিজ ছিল, যেটা মোটেও কাজ করত না। সেই ফ্রিজটিকেই তাঁরা আলমারি হিসেবে ব্যবহার করতেন!
রাঘব বলেন, "ওই ফ্রিজটাকে আমরা আলমারি হিসাবে ব্যবহার করতাম। আমি সব সময় ভয়ে থাকতাম, কেউ যদি আমাদের ঘরে এসে সেটা খুলে ফেলে, তাহলে লজ্জাজনক পরিস্থিতি তৈরি হত। কারণ ফ্রিজে অন্তর্বাস রাখতাম।"