
শেষ আপডেট: 6 June 2022 14:23
দ্য ওয়াল ব্যুরো: রাধিকা মার্চেন্ট (Radhika Marchant)। সম্প্রতি মুম্বইয়ে ২৪ বছর বয়সি এই তরুণীকে নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে। পেশাদার এই ভারতনাট্যম শিল্পীর প্রথম নাচের অনুষ্ঠান আয়োজিত হয়েছে বি-টাউনে। রবিবাসরীয় সন্ধ্যায় তারকা সমাগমে সে অনুষ্ঠান আসর ছিল জমজমাট।

আরও পড়ুন: মানব পাচার সচেতনতায় সাইকেলে করে ভারত থেকে বাংলাদেশে চললেন বারুইপুরের শিক্ষক
রাধিকা মার্চেন্টের (Radhika Marchant) এই প্রথম নাচের অনুষ্ঠানটি আয়োজন করেছে অম্বানি পরিবার (Ambani)। সেই বাড়িরই যে বৌ হতে চলেছে রাধিকা। মুকেশ অম্বানি ও নীতা অম্বানির ছোট ছেলে অনন্ত অম্বানির বাগদত্তা এই রাধিকা। রবিবার তাঁর নাচের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আমির খান, রণবীর সিং, রাজকুমার হিরানি, সলমন খানদের মতো তারকারা। চোখ ধাঁধানো নাচে সকলকে মোহিত করে রেখেছিলেন এই তরুণী।

সম্প্রতি ভারতনাট্যমের প্রশিক্ষণ শেষ হয়েছে রাধিকার (Radhika Marchant)। প্রশিক্ষণ শেষের পর প্রথম আয়োজিত অনুষ্ঠানের নাম আরঙ্গাত্রম। সেই সূত্রেই এই ঝকঝকে অনুষ্ঠানের আয়োজন, এটাই ছিল রাধিকার ‘আরঙ্গাত্রম’। মুকেশ বা নীতা অম্বানির তরফে রাধিকাকে নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনও ঘোষণা করা হয়নি। তবে তিনি যে ওই বাড়ির ঘনিষ্ঠ তা সকলেরই জানা। অম্বানি পরিবারের প্রায় সমস্ত অনুষ্ঠানেই রাধিকাকে দেখা যায়। বড় ছেলে আকাশ অম্বানির বিয়েতেও নাচতে দেখা গিয়েছিল তাঁকে।
আরও পড়ুন: কমবয়সে কেন বাড়ছে হার্টের রোগ? ঠিক কোন বয়স থেকে চেকআপ করানো জরুরি

বেশ কয়েকবছর ধরে অনন্ত অম্বানির সঙ্গে সম্পর্কে রয়েছেন রাধিকা মার্চেন্ট (Radhika Marchant)। ২০১৯ সালে নাকি তাঁদের বাগদান হয়। তবে সেই অনুষ্ঠান প্রচারের আলো থেকে দূরেই রাখা হয়েছিল।

রাধিকা একজন রিয়েল এস্টেট প্রফেশনাল। তাঁর বাবা বীরেন মার্চেন্ট এবং মা শৈল মার্চেন্ট। রাধিকার বাবা পেশায় এক স্বাস্থ্য সংস্থার সিইও। ছোটবেলায় মুম্বইয়ে পড়াশোনা করেছিলেন রাধিকা। পরে উচ্চশিক্ষা সারেন নিউ ইয়র্ক থেকে। পলিটিক্যাল সায়েন্স এবং ইকোনমিক্স ছিল রাধিকার বিষয়। ভারতনাট্যম তাঁর কেরিয়ারের পাথেয়। হবু বৌমার নাচের অনুষ্ঠান আয়োজন করেছেন মুকেশ আর নীতা। এখন দেখার অম্বানি পরিবারে ফের বিয়ের সানাই কবে বাজে।
