
শেষ আপডেট: 2 September 2023 07:15
দ্য ওয়াল ব্যুরো: সময়টা বেশ ভালই যাচ্ছে অভিনেতা রঙ্গানথন মাধবনের। ফিল্ম দুনিয়া তাঁকে যদিও আর মাধবন (R. Madhavan) নামেই চেনে। সপ্তাহখানেক আগেই সেরা ফিচার ছবির জাতীয় পুরস্কার জিতেছে তাঁর অভিনীত এবং প্রথম পরিচালিত সিনেমা ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’। আর এবার পুণের এফটিআইআই (FTII)-এর প্রেসিডেন্ট পদে আসীন হলেন তিনি। শুক্রবার রাতে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর অভিনেতার নাম ঘোষণা করে শুভেচ্ছা জানিয়েছেন। উল্লেখ্য, এর আগে এই পদে অনুপম খের, শেখর কাপুরের মতো বহু তারকা অভিনেতা, পরিচালকরা আসীন ছিলেন।
শুধু তাই নয়, এর পাশাপাশি গভার্নিং কাউন্সিলের চেয়ারম্যান হিসেবেও নির্বাচিত হয়েছেন ‘থ্রি ইডিয়টস’-এর ‘ফারহান’। অভিনেতা-পরিচালকের এই গুরুদায়িত্ব তুলে দেওয়ার পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। গত কয়েক বছর এই প্রেসিডেন্ট পদে ছিলেন বর্ষীয়ান পরিচালক শেখর কাপুর। এবার সেই জায়গায় মাধবন এলেন।
অনুরাগ ঠাকুর এক্স হ্যান্ডলে ওই পোস্টে লেখেন, “এফটিআইআইয়ের নতুন প্রেসিডেন্ট ও গভার্নিং কাউন্সিলের চেয়ারম্যান পদে মনোনীত হওয়ায় আর মাধবনকে আন্তরিক অভিনন্দন। আমি নিশ্চিত, আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং দৃঢ় নৈতিকতা এই সংস্থাকে আরও সমৃদ্ধ করবে। এর ইতিবাচক পরিবর্তন আনবে এবং একে আরও উচ্চস্তরে নিয়ে যাবে। আপনাকে আমার শুভেচ্ছা রইল।” পাল্টা তাঁকে ধন্যবাদ জানিয়ে মাধবন লেখেন, “ধন্যবাদ এই সম্মান ও শুভেচ্ছাবার্তার জন্য অনুরাগ ঠাকুরজি। আশা করি, আমি ভাল করে নিজের কাজ করতে পারব।”