.jpg)
শেষ আপডেট: 20 January 2025 16:43
দ্য ওয়াল ব্যুরো: সোমবার বিকেল পৌনে তিনটে নাগাদ আরজি কর মামলায় যখন সাজা ঘোষণা (RG Kar Case Verdict) করছেন বিচারপতি অনির্বাণ দাস, তখন বাইরে রাস্তায় তুমুল স্লোগান উঠছে—ধর্ষকের ফাঁসি চাই। তবে না, ফাঁসি হয়নি। বিচারক এ দিন আদালতে জানান, সঞ্জয় রায়ের অপরাধ 'বিরলতম' নয়। তাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত।
আরজিকর কাণ্ডে রাস্তায় নেমেছিল গোটা টলিউড। একস্বরে সকলেই দাবি করেছিলেন একটাই। তা হল, 'নির্যাতিতার বিচার চাই। অপরাধীর শাস্তি চাই।' এ দিন রায়দানের পর কী বলছেন টলিউডের নারীরা? খোঁজ নিয়ে 'দ্য ওয়াল' যোগাযোগ করেছিল তাঁদের সঙ্গে। কী বলছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সন্দীপ্তা সেন ও ঋদ্ধিমা ঘোষরা?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই এই রায়দানে খুশি নন শ্রাবন্তী। বললেন, "একটা নিকৃষ্ট, অসভ্য লোক। চেয়েছিলাম ফাঁসি হোক। দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে ভবিষ্যতে এ হেন অপরাধ করার কেউ সাহস না পায়। সেটা হয়নি। তাই কিছুটা তো খারাপ লাগছেই।"
অন্যদিকে আদালতের এই রায়ে খুশি সন্দীপ্তা। কেন? সে ব্যাখ্যাও দিয়েছেন তিনি। সন্দীপ্তার কথায়, "যদি মৃত্যুদণ্ড দেওয়া হতো তবে কষ্ট না পেয়ে মরে যেত অপরাধী। তিলে তিলে শেষ হোক। আর কোনওদিন যেন বাইরের জগতের সঙ্গে না যোগাযোগ রাখতে পারে সেটাই চেয়েছিলাম।"
অন্যদিকে ঋদ্ধিমা ঘোষ জানান, তিনি মনে করেন, ওই ঘটনা একজনের পক্ষে ঘটানো সম্ভব নয়। তাঁর কথায়, "আমার এখনও মনে হয় না এই ঘৃণ্য কাজটি একজন ঘটিয়েছে। এই রায় নিয়ে আমি শুধু এটুকুই বলতে চাই, জাস্টিস এখনও প্রতিষ্ঠিত হয়নি। এটা আজও অসম্পূর্ণ রয়ে গেল।"
এ দিন উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "কদিন আগে আমরা তিনটে মামলায় ফাঁসি দিয়েছি। ফাঁসির সাজা ঘোষণা হয়েছে। এই মামলায় কী হয়েছে সবটা তো কাগজপত্র দেখিনি। আমরা তদন্ত করছিলাম। সেটা তো আমাদের করতে দেওয়া হল না। সিবিআই যা করার করল। কী করেছে বলতে পারব না, তবে আমি এই সাজায় সন্তুষ্ট নই। ফাঁসি হলে মনকে সান্ত্বনা দিতে পারতাম।"