.png)
বলিউডে ‘না’ আল্লুর
শেষ আপডেট: 30 November 2024 12:47
দ্য ওয়াল ব্যুরো: ‘পুষ্পা’ আসছে। শোরগোল চারিদিকে। প্রেক্ষাগৃহে ঝড় উঠবে ২ ডিসেম্বর। মুক্তি পাবে ‘পুষ্পা 2: দ্য রুল’ (Pushpa 2 The Rule)। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘পুষ্পা: দ্য রাইজ’-ও তুলেছিল সমান ঝড়। এমন ছিল তার বেগ, যে সেরা অভিনয় এবং সেরা সঙ্গীত দুই বিভাগে জাতীয় পুরস্কার জেতে সুপারস্টার আল্লু অর্জুন এবং সঙ্গীত পরিচালক দেবী শ্রী প্রসাদ।
কেমন ছিল এত বড় সম্মান পাওয়ার অভিজ্ঞতা-অনুভূতি? সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সে কথা জানালেন আল্লু অর্জুন। জানালেন তাঁর নেওয়া এক চমকপ্রদ সিদ্ধান্তর কথাও। এক সময়ে নাকি মনস্থির করেছিলেন, আর যা-ই হোক, বলিউড ছবিতে অভিনয় করবেন না সুপারস্টার আল্লু অর্জুন!
মুম্বইতে চলছিল ‘পুষ্পা ২: দ্য রুল’-এর প্রচার। সাংবাদিক সম্মেলনে, জাতীয় পুরস্কার প্রসঙ্গ কথা উঠতেই অনুভূতিপ্রবণ হয়ে পড়েন আল্লু। জানান, জাতীয় পুরস্কার জেতার কৃতিত্ব শুধু তাঁর একার নয়, জড়িয়ে আছে ‘পুষ্পা’ টিমের সমস্ত সদস্য, বিশেষত, ছবির পরিচালক সুকুমার। আল্লু অর্জুন বলেন যে পরিচালক সুকুমার তাঁকে প্রতিশ্রুতি দেন, যে এমন এক ছবি তিনি করবেন, যা জাতীয় পুরস্কারেরই যোগ্য, দর্শকও তা স্বীকার করবে।
‘এই সম্মান আমার কাছে আরও বিশেষ কারণ গত ৬৯ বছরে, কোনও তেলেগু অভিনেতা জাতীয় পুরস্কার জেতেননি। এই বিষয়টি আমার মনে কোথাও খুঁতখুঁত করছিল। এই পুরস্কার আমার জীবনের সর্বশ্রেষ্ঠ হয়ে থাকল। এবং এটা শুধুমাত্র একজন মানুষ, সুকুমার গারুর জন্যই হয়েছে,’ বললেন আল্লু।
শুধু আল্লু একা নন সঙ্গীত পরিচালক দেবী শ্রী প্রসাদ, ‘পুষ্পা: দ্য রাইজ’-এর জন্য জাতীয় পুরস্কার জেতেন। প্রসাদের সঙ্গে আল্লু তাঁর এক কথোপকথনের প্রসঙ্গ তুলে ধরেন সাংবাদিক সম্মেলনে। আল্লু বলেন, যে তিনি এবং প্রসাদ, দু’জনেই চেন্নাই থেকে এসেছেন, এবং তাঁদের একসময় হিন্দি ছবিতে কাজ করা বেশ চ্যালেঞ্জিং মনে হয়েছিল।
কিন্তু আল্লু বিশ্বাস করতেন, একজন সঙ্গীতশিল্পী হিসাবে দেবী শ্রী প্রসাদের পক্ষে বলিউডে কাজ করা সহজ হবে। ‘আমি ওঁকে জিজ্ঞাসা করি তুমি কেন হিন্দি ছবিতে কাজ করছ না। ও উল্টে প্রশ্ন করতো, ‘তুমি, কেন হিন্দি ছবি কেন করছ না? তাহলে, তোমার সঙ্গে আমিও হিন্দি ছবিতে কাজ করে নেব।’ আমি ওকে বলি, যে আমি কখনও হিন্দি ছবি করব না কারণ, সেই সময়ে, ইন্ডাস্ট্রিতে এনট্রি নেওয়া অত্যন্ত কঠিন ছিল,’
আল্লু আরও জানান, এক সময়ে হিন্দি ছবিতে কাজ করা তাঁর কাছে ছিল দূরের স্বপ্ন। তিনি মনে করেন, প্রথমদিকে বলিউডে এন্ট্রি ভীষণ কঠিন বলে মনে হলেও, এখন তা নয়। ভবিষ্যতে দু-একটি হিন্দি ছবিতে কাজ করবেন, ঠিক করেছেন তিনি। আল্লু এবং দেবী শ্রী প্রসাদ দীর্ঘ পথ অতিক্রম করেছেন, জাতীয় পুরস্কার জয়ের মাধ্যমে তাঁদের যাত্রাপথ আজ মসৃণও হয়েছে।