
সুমন ও ‘পুরাতন’
শেষ আপডেট: 11 April 2025 13:15
দ্য ওয়াল ব্যুরো: আজ অর্থাৎ ১১ তারিখ পরিচালকের নতুন ছবি মুক্তি পেল। ‘পুরাতন’ ছবিতে অভিনয় করছেন শর্মিলা ঠাকুর, ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রনীল সেনগুপ্ত, প্রমুখ। এসবের মধ্যেও চলছে ছবি প্রচারের একাধিক অনুষ্ঠান। ফ্লোরিডা অ্যাটলান্টিক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির প্রফেসর এবং ছবির পরিচালক সুমন ঘোষের (Suman Ghosh) এক প্রকার হিমশিম অবস্থা।
এর মাঝেই পরিচালক দিলেন এক বার্তা। গুরুত্বপূর্ণও বটে। বহু মানুষ এমন রয়েছেন যাঁরা প্রেক্ষাগৃহে বাংলা ছবি দেখতে যান না। তাঁরা অপেক্ষা করে কবে সেই ছবি ওটিটিতে মুক্তি পাবে, এবং তারপর তাঁরা তা দেখবেন। কিন্তু সুমন ঘোষের ছবি আপাতত ওটিটিতে আসছে না, জানালেন খোদ পরিচালক। কী লিখলেন তিনি?
সোশ্যাল মাধ্যমে সুমন লেখেন, ‘আজকে পুরাতন রিলিজ করছে। একটা কথা বলা প্রয়োজন — অনেকেই আজকাল প্রথমেই জিজ্ঞেস করেন, “কবে OTT-তে (হইচই, অ্যামাজন প্রাইম ইত্যাদি) আসছে? তখনই দেখব।” এই বিষয়টা নিয়ে মুম্বইয়ে আমির খান বারবার বলেছেন— যদি ছবি রিলিজের দুই মাসের মধ্যেই OTT-তে চলে আসে, তাহলে মানুষ হলে গিয়ে দেখবে কেন?’ এখানেই থামেননি সুমন, আরও লেখেন, ‘এটা আমার ব্যক্তিগত মতামত — বাংলা ছবির ক্ষেত্রে এটা আরও বেশি প্রযোজ্য। আমি নিজে বিশ্লেষণ করে দেখেছি। আমাদের পুরাটাউন অন্তত আগামী ৬ মাসের আগে OTT-তে আসবে না। তাই যদি দেখার ইচ্ছা থাকে, অনুরোধ করব হলে গিয়ে দেখুন। এটা শর্মিলা ঠাকুরের শেষ সিনেমা… উনিও নিজে ইঙ্গিত দিয়েছেন সেটা।’
সুমন এও মনে করিয়ে দেন যে তাঁর পরিচালিত ছবি ‘কাবুলিওয়ালা’ এখনও ওটিটিতে মুক্তি পায়নি। তিনি লেখেন, ‘অনেকেই আমাকে লিখেছেন, “কাবুলিওয়ালা কবে হইচই-তে আসছে?” — সেটা কিন্তু এখনো আসেনি। যারা মিস করেছেন, তাঁরা এক বছর পরেও দেখতে পাননি। ‘পুরাতন’ হলে গিয়ে দেখুন। এ আমাদের একটা ছোট্ট আবদার।’
ওটিটিতে ছবি মুক্তি প্রসঙ্গে কী বলেছিলেন আমির?
এক অনুষ্ঠানে, কিংবদন্তি লেখক ও গীতিকার জাভেদ আখতার, এবং মিস্টার পারফেকশনিস্ট আমির খানকে দেখা যায়। জাভেদ, আমিরকে একটি প্রশ্ন করেন, দক্ষিণী নায়করা যাঁরা এক সময়ে উত্তর ভারতের কাছে একেবারেই অপরিচিত ছিল, আজ তাঁরা কীভাবে কয়েকশো কোটি টাকা আয় করছে, আর বলিউডের একাধিক ছবি পিছিয়ে পড়ছে? এই পরিবর্তনের কারণ ঠিক কী?
আমির ছবিকেন্দ্রিক এই আঞ্চলিক বিভাজনকে উড়িয়ে দেন, তিনি বলেন একটি ছবি কোথায় তৈরি হচ্ছে তা একেবারেই বিবেচ্য নয়। পরিবর্তে, তিনি বলিউডের এই স্ট্রাগলের মূল কারণ হিসেবে OTT প্ল্যাটফর্মের প্রভাবকেই তুলে ধরেন। বলেন, ‘প্রেক্ষাগৃহে এসে আমাদের ছবি দেখার জন্য আমরা দর্শকদের অনুরোধ করি, কিন্তু যদি তাঁরা না দেখেন, তাহলে ছবি মুক্তির মাত্র আট সপ্তাহ পরেই ওটিটিতে দেখিয়ে দিই। যাঁদের ওটিটি সাবস্ক্রিপশন আছে, তাঁরা ভেবেই নেয় ঘরে বসেই সিনেমা দেখব। আমি আদপে জানিই না কীভাবে একই পণ্য দু‘বার বিক্রি করতে হয়।’ আমির এও মনে করিয়ে দেন যে ওটিটি প্ল্যাটফর্ম আসার আগে, দর্শকদের সিনেমাহল, যাওয়া ছাড়া আর কোনও উপায় ছিল না। কিন্তু এখন, যদি কোনও ছবি সত্যিই তাঁদের পছন্দের না হয়ে ওঠে, তাহলে তাঁরা ডিজিটাল মুক্তির অপেক্ষায় থাকেন। তিনি বলেন, যে বলিউড এই ব্যবসায়িক মডেলের মাধ্যমে না বুঝে নিজেদেরই ক্ষতি করছে।