গুরমিত মান কেবল গায়ক নন, ছিলেন গীতিকার, সুরকার এবং অভিনেতাও। রূপনগর-নিবাসী এই শিল্পী পাঞ্জাবি লোকসঙ্গীতকে নিজের কণ্ঠে নতুন প্রাণ দিয়েছিলেন।

শেষ আপডেট: 11 October 2025 18:31
দ্য ওয়াল ব্যুরো: পাঞ্জাবি সঙ্গীত জগত এখনও রাজবীর জাওয়ান্ডার মৃত্যুশোক কাটিয়ে উঠতে পারেনি, তার মধ্যেই ফের অঘটন। প্রয়াত জনপ্রিয় গায়ক গুরমিত মান। রূপনগর (রোপড়)-এর এই শিল্পীর মৃত্যুসংবাদ প্রকাশ্যে আসতেই স্তব্ধ হয়ে গিয়েছে গোটা ইন্ডাস্ট্রি। জানা গিয়েছে, ১০ অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তবে মৃত্যুর কারণ এখনও প্রকাশ্যে আসেনি। এই খবরে ভেঙে পড়েছেন গায়কের অনুরাগীরা।
গত ৮ অক্টোবর প্রয়াত হন রাজবীর জাওয়ান্ডা। তার মাত্র তিন দিন পরেই গুরমিত মানের প্রয়াণে শোকের ছায়া আরও গভীর হয়েছে। চলতি অক্টোবর মাস যেন পাঞ্জাবি সংগীতজগতের কাছে এক ভয়ানক অধ্যায় হয়ে উঠেছে। রাজবীর, তার পর বডি বিল্ডার-অভিনেতা বরিন্দর সিংয়ের মৃত্যু, আর এখন গুরমিত মান— তিনজন জনপ্রিয় মুখ হারাল পাঞ্জাবি বিনোদন দুনিয়া।

গুরমিত মান কেবল গায়ক নন, ছিলেন গীতিকার, সুরকার এবং অভিনেতাও। রূপনগর-নিবাসী এই শিল্পী পাঞ্জাবি লোকসঙ্গীতকে নিজের কণ্ঠে নতুন প্রাণ দিয়েছিলেন। তাঁর জনপ্রিয় গানগুলির মধ্যে রয়েছে 'সোহরেয়ান দা পিণ্ড', 'চণ্ডীগড় ইন রুম', 'বোলিয়াাঁ', 'বোলি ম্যায় পওয়াঁ' এবং 'কাকে দিয়ান পুড়হিয়াঁ' ছিল উল্লেখযোগ্য।
গুরমিত মান পাঞ্জাব পুলিশের সঙ্গেও যুক্ত ছিলেন। সরকারি দায়িত্ব পালন করেও যে সাংস্কৃতিক চর্চা চালিয়ে যাওয়া যায়, তার এক উজ্জ্বল উদাহরণ তিনি। তাঁর মৃত্যু পাঞ্জাবি সংগীতমহলে এক অপূরণীয় শূন্যতা তৈরি করল। গুরমিত মান থাকবেন বেঁচে তাঁর গানের মধ্যেই— পাঞ্জাবের মাটির গন্ধ আর সুরের বন্ধনে।