তারকা দম্পতি এবং তাঁদের এক প্রভাবশালী বন্ধু পীয়ূষ কোঠারি মিলে শ্যাম বাবুকে গোয়ায় অপহরণ, বেআইনি আটক, জুলুমবাজি এবং ভয়ভীতির মুখে ফেলে দিয়েছিলেন। এ নিয়ে চারিদিকে যখন চারিদিকে তখন দ্য ওয়ালের কাছে মুখ খুললেন পূজা নিজেই।

পূজা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 15 June 2025 16:05
দ্য ওয়াল ব্যুরো: শনিবার রাতে টলিউডের জনপ্রিয় প্রযোজক শ্যামসুন্দর দে'র পরিবারের তরফে গুরুতর অভিযোগ করা হয় অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় ও স্বামী কুনার বর্মার বিরুদ্ধে। দাবি করা হয়, এই তারকা দম্পতি এবং তাঁদের এক প্রভাবশালী বন্ধু পীয়ূষ কোঠারি মিলে শ্যাম বাবুকে গোয়ায় অপহরণ, বেআইনি আটক, জুলুমবাজি এবং ভয়ভীতির মুখে ফেলে দিয়েছিলেন। এ নিয়ে চারিদিকে যখন চারিদিকে তখন দ্য ওয়ালের কাছে মুখ খুললেন পূজা নিজেই।
অভিযোগ নিয়ে যখন চারিদিকে শোরগোল তখন পূজা নিজেই বলেন, 'ট্রুথ উইল কাম আউট সুন'। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, 'খুব শীঘ্রই সত্যি সামনে আসবে।" এর চেয়ে বেশি কিছু বলতে চাননি পূজা। তাঁর ভক্তদের কাছে অভিনেত্রীর আবেদন, তাঁরা যেন আরও কিছুদিন অপেক্ষা করেন 'সত্যি' জানার জন্য।
কী অভিযোগ?
শ্যামসুন্দর দে'র পরিবারের তরফে অভিযোগ, একটি ব্যবসায়িক সফরে গোয়ায় থাকাকালীন শ্যাম সুন্দরকে তাঁর গাড়ি থেকে জোর করে নামিয়ে অপহরণ করা হয়। অভিযোগ, এই ঘটনায় নেতৃত্ব দেন পূজা নিজে। তাঁদের আরও দাবি, প্রযোজককে একটি অজানা জায়গায় নিয়ে গিয়ে ভয় দেখানো হয়, মারধর করা হয় এবং বলা হয় যদি তিনি ৬৪ লক্ষ না দেন, তবে মাদক মামলায় তাঁকে ফাঁসানো হবে।
এখানেই না থেমে পরিবারের তরফে আরও দাবি করা হয়, শ্যামবাবুর মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং জোর করে তাঁর ব্যক্তিগত তথ্য ও পাসওয়ার্ড জানা হয়। তাঁকে জোর করে ভিডিওতে স্বীকার করানো হয় যে তিনি নিজের ইচ্ছায় একটি গোয়া রিসর্টে রয়েছেন। কিছু কাগজে তাঁর জোর করে স্বাক্ষরও নেওয়া হয়, যা ভবিষ্যতে তাঁর বিরুদ্ধেই ব্যবহৃত হতে পারে বলে পরিবার আশঙ্কা করছে।
_0.jpg)
এফআইআর দায়ের
ইতিমধ্যেই প্রযোজকের পরিবারের তরফে ১২৬(২), ১৩৭(২), ১৪০(২), ৩০৮(২), ১১৫(২), ৩৫১(৩), ৬১(২), ও ৩(৫) ধারায় পূজা ও তাঁর স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এফআইআরের কপি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন প্রযোজক ও তাঁর পরিবার।
পূজার উলটপূরাণ
জানিয়ে রাখা যাক, দিন কয়েক আগে স্বামী কুনাল বর্মাকে সঙ্গে নিয়ে সামাজিক মাধ্যমে একটি ভিডিও করেন পূজা। সেখানে তিনি দাবি করেন, খুব কাছের এক বন্ধুকে বিশ্বাস করে সম্প্রতি সর্বস্বান্ত হয়ে গিয়েছেন তাঁরা। ক্ষতি হয়েছে লক্ষ লক্ষ টাকা। ভিডিওতে কাঁদতেও দেখা যায় তাঁকে। পূজা জানান, শূন্য থেকে শুরু করতে হবে তাঁদের। এও জানান, হার মানছে না তাঁর পরিবার।
তবে শনিবারের ঘটনা যেন ঘুরিয়ে দিয়েছে ঘটনার মোড়কেই। টলিউডের অন্দরেও ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে। সত্যি সামনে আসুক, এমনটাই চাইছেন সকলে।