
শেষ আপডেট: 18 October 2022 10:15
দ্য ওয়াল ব্যুরো: 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ'-এর 'চোখ তুলে দেখো না কে এসেছে' গানটির সঙ্গে প্রসেনজিৎ (Prosenjit Chatterjee) ও ঋতুপর্ণা (Rituparna Sengupta) জুটির নাচ টলিউডে এভারগ্রিন হয়ে রয়েছে। ২২ বছর পুরনো সেই গানই এবার ফিরল নতুন মোড়কে। আর এবারও নাচের সঙ্গে কোমর দোলালেন 'বুম্বাদা'। ১৭ অক্টোবর ইউটিউবে মুক্তি পেতেই রাতারাতি সুপারহিট 'প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা' (Prosenjit Weds Rituparna) ছবির টাইটেল ট্র্যাকটি।
টলিউডের এই নতুন ছবিকে ঘিরে দর্শকের মধ্যে ক্রমশ উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। গত ১১ অক্টোবরই ছবির নির্মাতাদের তরফে গানটির ১০ সেকেন্ডের একটি টিজার আপলোড করা হয়েছিল। সেখানেই বোঝা গিয়েছিল যে, ২০০০ সালে 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ' ছবির সুপারহিট গান 'চোখ তুলে দেখো না'-কেই রিক্রিয়েট করা হচ্ছে। আর তখন থেকেই শুরু হয়েছিল অপেক্ষা। অবশেষে সোমবার মুক্তি পেল গানটি। নিজের টুইটার হ্যান্ডেলে সেই গানের লিরিক্স ভিডিও শেয়ার করেছেন খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজেও।
২২ বছর পরেও যেভাবে এই গানে প্রসেনজিৎ নাচ করলেন, তাতে বোঝা মুশকিল যে তিনি সদ্য পা দিয়েছেন ষাট বছরে। মনে হবে, তাঁর বয়স বোধহয় এখনও সেই চল্লিশের দোরগোড়াতেই আটকে রয়েছে। সঙ্গে তাল মিলিয়ে যোগ্য সঙ্গত দিলেন ছবির নায়ক ও নায়িকা ঋষভ বসু ও ইপ্সিতা মুখোপাধ্যায়। এই ছবির হাত ধরেই বড়পর্দায় ডেবিউ হবে ইপ্সিতার।
জানা গেছে, এই ছবিতে হিরো-হিরোইনের প্রেম আছে, নাচ-গান আছে, আবার ভিলেনের সঙ্গে মারপিটও আছে। একেবারে নয়ের দশক কিংবা এই শতাব্দীর শুরুর সময়ের ফর্মুলা মেনে সমস্ত মশলাই এক জায়গায় মজুত করেছেন ছবির পরিচালক সম্রাট শর্মা ও প্রযোজকরা। যা দেখার সময় অনেকেই টাইম মেশিনে চেপে ছোটবেলায় ফিরে গেলেও যেতে পারেন।
পুজোর পরেই ‘বিজয়া দশমী’, হয়ে গেল তার হইহই প্রিমিয়ার! গান শুনেই মুগ্ধ দর্শকরা