
শেষ আপডেট: 10 November 2022 06:51
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে মুক্তি পেল 'প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা' (Prosenjit Weds Rituparna) ছবির ট্রেলার (bengali movie trailer)। যেখানে ফুটে উঠেছে সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prasenjit Chatterjee) এক মহিলা অনুরাগীর জীবনের গল্প, বিয়ের গল্প। সবথেকে মজার, ছবিতে সেই অনুরাগীর নাম আবার ঋতুপর্ণা। ছবিতে ক্যামিও করতে দেখা যাবে 'বুম্বাদা'-কেও। ব্র্যান্ড প্রসেনজিৎকে নিয়ে অনুরাগীদের আবেগ কোন পর্যায়ে রয়েছে, সেটাই পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন নবাগত পরিচালক সম্রাট শর্মা।
‘বুম্বাদা’র অন্ধ ভক্ত সেই তরুণী এখনও মনে মনে ঘর বাঁধার স্বপ্ন দেখেন 'ওই ৬০ বছরের বুড়ো'র সঙ্গে। বিয়ে না হয় হল প্রসেনজিতের সঙ্গেই, কিন্তু তিনি তো সুপারস্টার নন, একেবারে সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান। বিয়ের পিঁড়িতে বসে সেই কথা তরুণী জানতে পারার পর কী হল, সেটাই ছবির ট্রেলার এবং সিনেমার মূল বিষয়বস্তু।
ট্রেলারের শুরুতেই প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির বেশ কিছু সিনেমার নাম নিয়ে ট্রিবিউট জানানো হয়েছে দু'জনকে। 'মধুর মিলন', 'মধু মালতী', 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ'-এর মতো সুপারহিট ছবিগুলির কথাও উঠে এসেছে ট্রেলারে। সেখান থেকেই গল্পের শুরু। কিন্তু তার শেষ কি আদৌ মধুর হবে? তা জানতে অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের। কারণ আগামী ২৫ নভেম্বরই ছবি মুক্তির তারিখ।
দেখুন সেই ট্রেলার:
কমেডি হলেও ছবির ট্রেলারে রয়েছে নানারকম ট্যুইস্ট। স্ত্রী'কে সুপারস্টার প্রসেনজিতের সঙ্গে দেখা করানোর জন্য অনেকরকম চেষ্টা করেন তাঁর স্বামী। কিন্তু স্বপ্নের নায়ককে নিয়ে তো তখন স্ত্রী'র পাগলামি ক্রমেই বেড়ে চলেছে। যার সরাসরি প্রভাব পড়ে দাম্পত্যেও। শেষ অবধি ভক্তের সমস্যা সমাধানে 'ভগবান' কি সাড়া দেবেন! সেখানেই আসল রহস্য জিইয়ে রাখা হয়েছে। তাই এখন শুধু ছবি মুক্তির অপেক্ষা।
নতুন মোড়কে ‘চোখ তুলে দেখো না…’, ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’য় ফিরল ২২ বছর পুরনো নস্ট্যালজিয়া