
শেষ আপডেট: 23 October 2023 13:36
দ্য ওয়াল ব্যুরো: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়- টলিউডে এখন যাঁকে 'ইন্ডাস্ট্রি' নামে ডাকা হয়। সেই অভিনেতা চলতি বছরে স্বপ্নের ফর্মে রয়েছেন। তাঁর পুজোতে মুক্তি পাওয়া 'দশম অবতার' বক্স অফিসে দারুণ ব্যবসা করছে। তার আগেই সর্বভারতীয় মঞ্চেও সাফল্য এসেছে তাঁর। 'জুবিলি'-তে অন্যতম প্রধান চরিত্রে অভিনয় ছাড়াও 'স্কুপ' ওয়েব সিরিজে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে অভিনেতাকে। এবার সেই 'বুম্বাদা' প্রথম হিন্দি ছবি পরিচালনা শুরু করছেন।
বহু আগে দু'টো বাংলা ছবি পরিচালনা করেছেন প্রসেনজিৎ। 'পুরুষোত্তম' ও 'আমি সেই মেয়ে'- দু'টি সিনেমাই সমালোচকদের প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও সাফল্য পেয়েছিল। আর এবার অভিনেতা সেই অভিজ্ঞতার উপর ভর করে হিন্দিতে পরিচালনা করতে চলেছেন। এই খবরটি যদিও নতুন নয়। প্রসেনজিৎ বলেছিলেন, পুজোর পরে আনুষ্ঠানিক ঘোষণা করবেন। তবে তার আগেই অভিনেতার নতুন কাজ সংক্রান্ত খবর প্রকাশ্যে চলে এসেছে।
'ফিল্মফেয়ার' সূত্রে জানা গিয়েছে, প্রয়াত বাঙালি পরিচালক প্রদীপ সরকারের ড্রিম প্রোজেক্ট 'নটি বিনোদিনী'ই পরিচালনা করতে পারেন প্রসেনজিৎ। অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে নিয়ে বিনোদিনীর উপর ছবি বানানোর পরিকল্পনা করেছিলেন প্রদীপ সরকার। কিন্তু বিষয়টি এগোনোর আগেই হঠাৎ মৃত্যু হয় বলিউডের এই খ্যাতনামা পরিচালকের।
সূত্রের খবর, হাত ঘুরে এখন সেই কাজটিই প্রসেনজিতের কাছে এসেছে। আসলে নির্মাতারা চাইছেন, বিনোদিনী যেহেতু বাংলার, তাই তাঁকে নিয়ে ছবি বানানোর দায়িত্ব কোনও বাঙালিকে দিতে। এখন শুধু 'বুম্বাদা'র তরফে আনুষ্ঠানিক ঘোষণাই বাকি।