
ফাইল চিত্র
শেষ আপডেট: 15 February 2025 19:32
দ্য ওয়াল ব্যুরো: ইউটিউবার ও পডকাস্টার রণবীর আল্লাবাদিয়া, ওরফে ‘বিয়ার বাইসেপস’, সম্প্রতি তীব্র বিতর্কের মুখে পড়েছেন। ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ শো-তে এক প্রতিযোগীর উদ্দেশে করা অশালীন প্রশ্ন ঘিরে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। এমনকি তাঁকে থানায় তলব করাও হয়েছে। যদিও এখনো পর্যন্ত তিনি আনুষ্ঠানিকভাবে নিজের বক্তব্য রাখেননি।
এই বিতর্কের মাঝেই নতুন করে ভাইরাল হয়েছে রণবীরের পুরনো একটি সাক্ষাৎকার, যেখানে গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়াকে অস্বস্তিকর এক প্রশ্ন করেছিলেন। সেই ভিডিওই ঝড়ের বেগে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
View this post on Instagram
২০২২ সালে ‘দ্য রণবীর শো’-তে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা। সেখানেই রণবীর তাঁকে প্রশ্ন করেন, 'আপনি কি এখনও পারিবারিক অনুষ্ঠানে যান? এত খ্যাতি অর্জন করার পরেও?' প্রথমে প্রশ্ন শুনে কিছুটা হতবাক হয়ে যান প্রিয়াঙ্কা। পরে রণবীর আরও ব্যাখ্যা করে বলেন, 'আপনার মতো এত বিখ্যাত কেউ পরিবারের সঙ্গে সময় কাটান, ভাবতেই পারি না!'
রণবীরের এই মন্তব্য শুনে প্রিয়াঙ্কার চোখেমুখে বিরক্তির ছাপ স্পষ্ট হয়ে ওঠে। জবাবে তিনি বলেন, 'তাহলে তুমি বলতে চাইছ, আমি আমার ভাইয়ের বিয়েতে নাচব না? অবশ্যই নাচব! আমার পরিবার আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। খ্যাতি আমার পেশার অংশ, কিন্তু তা আমার ব্যক্তিত্ব নির্ধারণ করে না। এটা এমন কিছু যা আমার হাতে নেই, আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে।'
প্রসঙ্গত, কিছুদিন আগেই প্রিয়াঙ্কার ভাই সিদ্ধার্থ চোপড়ার বিয়ে হয়, যেখানে অভিনেত্রীকে বরযাত্রী নিয়ে নাচতে দেখা যায়। নিক জোনাসের পরিবারও এই অনুষ্ঠানে যোগ দিয়েছিল। বউদি নীলম উপাধ্যায়ের শাড়ি ঠিক করে দেওয়া থেকে শুরু করে শ্বশুর-শাশুড়িকে আগলে রাখা— প্রিয়াঙ্কার পারিবারিক বন্ধনের একাধিক মুহূর্ত ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।