
শেষ আপডেট: 20 April 2024 18:12
দ্য ওয়াল ব্যুরো: রাতারাতি রূপকথার বাংলো ছেড়েছিলেন ‘দেশি গার্ল’। লস অ্যাঞ্জেলসের বিলাসবহুল সেই ম্যানসনের দামই ছিল প্রায় ২ কোটি ডলার। প্রিয়াঙ্কার সেই বাড়ির ছবি সোশ্যাল মিডিয়ায় বারবার ভাইরাল হয়েছে। যার অন্দরমহল দেখে এক কথায় চমকে যেতে হয়। কী এমন হয়েছিল যে রাতারাতি বাংলো ছাড়তে হয়েছিল নিক-প্রিয়ঙ্কাকে সে খবর নিয়ে বেশ হইচই হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তবে এখন প্রিয়াঙ্কা জানিয়েছেন, সেই বাংলোকেই মেরামতি করে নতুন করে সাজিয়ে মনের মতো এক রাজপ্রাসাদ তৈরি করিয়েছেন তাঁরা। মেয়ে মালতীকে নিয়ে সেই ম্যানসনেই এবার থেকে থাকবেন তাঁরা।
বাংলো পুননির্মাণ করতে ১৬০০ কোটি টাকা খসিয়েছেন নিক-্রিয়াঙ্কা। যেমন তার অন্দরসজ্জা, তেমনই প্রাসাদের চারপাশের প্রকৃতি। সবুজে সবুজে ঘেরা। সম্প্রতি এই প্রাসাদেই দীপাবলি সেলিব্রেশনের ছবি পোস্ট করেছিলেন প্রিয়াঙ্কা।
২০১৮ সালের ডিসেম্বর মাসে রাজস্থানে রাজকীয় বিয়ে সেরেই লস অ্যাঞ্জেলসের ওই বিলাসবহুল বাংলো কিনেছিলেন নিক-প্রিয়াঙ্কা। সেই বাংলোর ছবি বহুবার তিনি পোস্ট করেছিলেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে। গোটা বাড়ির দেওয়াল দুধ সাদা নয়তো হালকা ক্রিম রঙের। বসার ঘরে তার সঙ্গে মেলানো ক্রিম রঙেরই সোফা। সঙ্গে কাঠের কফি টেবিল। পাথুরে দেওয়াল। আর হালকা হলুদ আলো। বাড়িতে সাতটা বেডরুম ও ১১টা বাথরুম ছিল। আর ছিল বিশাল বাগান, সুইমিং পুল। কিন্তু প্রিয়াঙ্কা জানিয়েছেন, ওই বাংলোয় থাকতে শুরু করার মাস কয়েকের মধ্যেই নানা সমস্যা দেখা দিতে থাকে। থাকার অযোগ্য হয়ে ওঠে গোটা বাংলো।
একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, বাড়ি তিনি যবে থেকে কিনেছিলেন জলের সমস্যা ছিল। যা নিয়ে বিক্রেতার সঙ্গে একাধিকবার কথাও হয়েছিল তাঁদের। জল লিক হয়ে যাওয়া, জল জমে যাওয়ার কারণে সেখানে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়। বাড়ির অন্দরমহলের সাজসজ্জাও নষ্ট হতে বসেছিল। কোথাও জল চুইয়ে পড়ছিল। সুইমিং পুলের পাশ থেকে জল লিকেজ হচ্ছিল। যার জেরে বার্বিকিউ এরিয়া পুরো নষ্ট হয়ে গিয়েছিল। যে মালিক লস অ্যাঞ্জেলসের ওই বাংলো নিক-প্রিয়াঙ্কাকে বিক্রি করেছিলেন তাঁর বিরুদ্ধে মামলাও করেন জোনাস দম্পতি। বাধ্য হয়েই গত ফেব্রুয়ারি মাসে লস অ্যাঞ্জেলসের সেই বিলাসবহুল বাংলো ছেড়ে অন্যত্র চলে যান নিক-প্রিয়াঙ্কা।
তবে বাংলোটি পুনর্নিমাণ করা হবে বলেও জানান তিনি। তারকা দম্পতি জানিয়েছেন, বাড়িটির পুনর্নিমাণের কাজ শেষ। এখন সেই বাংলোই রাজপ্রাসাদের মতো সুন্দর ও বিলাসবহুল। ২০ হাজার বর্গ ফুটের প্রাসাদে রয়েছে সাতটা বেডরুম, ১১ টা স্নানের ঘর। পোষ্যদের জন্য ঘর ও বাথরুম আলাদা। বাড়ির পিছন দিকে বিশাল সুইমিং পুল, বারবিকিউ প্লেস। পুলের লাগোয়া বিশাল বসার জায়গা। এটি প্রিয়ঙ্কার রোদ পোহানোর জায়গা। মাঝে মধ্যে এখানে বসেই প্রাতরাশও সেরে নেন তিনি। বাড়িতে নিজস্ব জিমও আছে তাঁর। সেই জিমে শারীরিক কসরতের ছবি নিক দিয়েছিলেন ইনস্টাগ্রামে।
নিকের জন্য আলাদা ঘর তো রয়েইছে। নাম নিকস ডেন। গায়ক নিক এখানে তাঁর গান বাজনা নিয়ে থাকেন। এই ঘরেই রয়েছে বিশাল হোম থিয়েটার। প্রিয়ঙ্কার নিজস্ব বিশাল রান্নাঘর আছে বাংলোয়, আছে নিজস্ব বার, লাইব্রেরি। বাংলো খুবই খোলামেলা, চারপাশে পাহাড় ও সবুজ প্রকৃতি। প্রতি ঘরেই বিশাল বিশাল জানলা আর কাচের স্লাইডিং ডোর। এমনভাবে ঘরগুলো তৈরি যাতে ঘরে বসেই পাহাড় ও গাছপালা দেখা যায়। প্রিয়াঙ্কা জানিয়েছেন, তাঁদের মেয়ে মালতীকে প্রকৃতি আর সবুজের মাঝে খোলামেলা পরিবেশে বড় করার ইচ্ছা আছে তাঁদের। তাই শহুরে কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে ওই প্রাসাদ তৈরি করিয়েছেন তাঁরা।